অর্থবছরের শেষ মাসে ডিএসই থেকে রাজস্ব আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যসমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরের শেষ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের ওপর থেকে সরকারের রাজস্ব আয় আগের মাসের চেয়ে বেড়েছে। বছরের শেষ মাস জুনে এ খাত থেকে সরকার প্রায় আট কোটি টাকা রাজস্ব আয় করেছে। মে মাসে যার পরিমাণ ছিল প্রায় ছয় কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের পক্ষে ডিএসই কর্তৃপক্ষ ব্রোকারেজ হাউসের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নির্ধারিত করহার অনুযায়ী, প্রত্যেক ব্রোকারেজ হাউসকে লেনদেনের ওপর ০.০৫ শতাংশ হারে কর দিতে হয়। অর্থাৎ কোনো ব্রোকারেজ হাউস ১০০ টাকার লেনদেন করলে ওই প্রতিষ্ঠানকে তার জন্য পাঁচ পয়সা কর দিতে হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে লেনদেন কর আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭ শতাংশ বেড়েছে।

২০১৪ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) সরকার ডিএসইর কাছ থেকে লেনদেন কর পেয়েছে ৫৪ কোটি ১৫ লাখ টাকা। ২০১৩ সালের একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা।

চলতি বছরের জানুয়ারি মাসে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬২৬ কোটি ৪০ লাখ টাকা। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে এই পরিমাণ ছিল যথাক্রমে ৫৪৮ কোটি, ৩৬৫ কোটি, ৪৬৬ কোটি, ৩০৮ কোটি ও প্রায় ৩৫২ কোটি টাকা। 

ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসে যথাক্রমে লেনদেনের ওপর থেকে কর বাবদ ১২ কোটি ৫২ লাখ, ১১ কোটি, সাত কোটি ৩০ লাখ, ১০ কোটি, ছয় কোটি ও আট কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সদ্য বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। আর অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর ২০১৩) রাজস্ব আদায় হয়েছে সাড়ে ৫৮ কোটি টাকা।