অর্থমন্ত্রী আজ ভারত যাচ্ছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বুধবার ভারত যাচ্ছেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ৯০তম বছর উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি। অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, কলকাতা ও বর্ধমানে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি এ সফরে অর্থমন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর ছেলে শাহেদ মুহিত ও পুত্রবধূ মানতাশা আহমেদ।আজ সকাল ১০টায় ঢাকা থেকে ইউনাইটেড এয়ারওয়েজে করে অর্থমন্ত্রীর কলকাতা গিয়ে পৌঁছানোর কথা সাড়ে ১০টায়। তারপর আজ বিকেল থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত অর্থমন্ত্রী কলকাতা ও বর্ধমানে ‘বিদ্রোহী-বার্ষিকী’ অনুষ্ঠান উপভোগ করবেন। শনিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়বেন অর্থমন্ত্রী।উল্লেখ্য, ভারত-বাংলাদেশের যৌথ আয়োজনে এর আগে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উভয় দেশেই অনুষ্ঠিত হয়েছে। ভারতের বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ থেকেও বিশিষ্ট ব্যক্তিরা ভারতের অনুষ্ঠানে যোগ দেন। সম্প্রতি বাংলাদেশেও বিদ্রোহী কবিতার ৯০তম বছর উদ্যাপিত হয়েছে। আজ থেকে হচ্ছে বর্ধমান ও কলকাতায়।