অর্থমন্ত্রী কত নম্বর পেলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জাতীয় সংসদে গতকাল ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বাজেট নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে কয়েকজন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী-উদ্যোক্তার কাছে তাৎক্ষণিকভাবে বাজেটের কয়েকটি দিক সম্পর্কে সংক্ষিপ্ত মতামত জানতে চাওয়া হয়েছিল। এখানে মতামতগুলো তুলে ধরা হলো। যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল:

১. বাজেটের ভালো দিকগুলো কী? আর দুর্বলতা কী? 
২. বাজেট কি যথেষ্ট বিনিয়োগ ও কর্মসংস্থান করতে পারবে?

৭/১০

নাজনীন আহমেদ
নাজনীন আহমেদ

নাজনীন আহমেদ
জ্যেষ্ঠ গবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস)
এবারের বাজেটে অবকাঠামো খাতে বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে, যা ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে। অনেকগুলো তৈরি পণ্যে আমদানি পর্যায়ে শুল্ক আরোপ করা হয়েছে। এটি স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সুরক্ষা দেবে। বাজেটের আরেকটি ভালো দিক হলো, ছিটমহলবাসীদের জন্য বরাদ্দ রাখা।
তবে মূলধনি যন্ত্রপাতির ওপর শুল্ক না কমানো বাজেটের দুর্বল দিক। এ শুল্ক কমালে বিনিয়োগ আরও উৎসাহিত হতো। এ ছাড়া কয়েকটি বড় প্রকল্প এডিপিতে রাখা হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়নি।
বাজেটে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উৎসাহ লক্ষ করা গেছে। তবে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়।

৭/১০

আসিফ ইব্রাহীম
আসিফ ইব্রাহীম

আসিফ ইব্রাহীম
চেয়ারম্যান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়লে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জন করা সম্ভব। বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগ বাড়ালেও তা বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারেনি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমানো ভালো সিদ্ধান্ত। তবে বেসরকারি খাতের করহার একই থাকা গ্রহণযোগ্য নয়।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মতো সামাজিক অবকাঠামো উন্নয়নে বরাদ্দ আরও বাড়ানোর দরকার ছিল। পোশাক খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করতে প্রয়োজনীয় উপকরণে মূসক কমানোর সিদ্ধান্ত ইতিবাচক। বিনিয়োগ বাড়াতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন করতে হবে।৬.৫/১০

খন্দকার গোলাম মোয়াজ্জেম
খন্দকার গোলাম মোয়াজ্জেম

খন্দকার গোলাম মোয়াজ্জেম
অতিরিক্ত গবেষণা পরিচালক, সিপিডি
প্রথমবারের শিশু বাজেট বরাদ্দ এবং আগের মতো জেন্ডার ও ডিজিটাল বাজেট সংযুক্ত আছে। অবকাঠামো উন্নয়নের গুরুত্ব অব্যাহত আছে। সরকারের সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে। নতুনভাবে দক্ষতা বৃদ্ধিকে প্রাধান্য দিয়ে একটি তহবিল করা হয়েছে এবং কর্তৃপক্ষ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে দুই বছর জেলা বাজেট দিলেও সেটি এবার উল্লেখ নেই। বাজেটে অননুমোদিত প্রকল্প এবারও বেশি। সংস্কারের জন্য সুসংগঠিত উদ্যোগ চোখে পড়েনি। ফলে সামগ্রিকভাবে প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করার ক্ষেত্রে বিক্ষিপ্ত কিছু উদ্যোগ থাকলেও অবকাঠামো দুর্বলতার জন্য কাঙ্ক্ষিত বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জন ব্যাহত হতে পারে। এতে কর্মসংস্থান প্রত্যাশিত মাত্রায় না-ও হতে পারে।

৬.৫/১০

ফজলুল হক
ফজলুল হক

ফজলুল হক
সাবেক সভাপতি, বিকেএমইএ
বাজেটে বেসরকারি বিনিয়োগ না হওয়ার জন্য ভৌত অবকাঠামোর দুর্বলতার কথা স্বীকার করা হয়েছে। কারণগুলোও চিহ্নিত অর্থাৎ বিনিয়োগের অসুখ ধরা গেছে। এ ছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ভৌত অবকাঠামো নির্মাণে বরাদ্দ, কিছু প্রকল্প অগ্রাধিকার তালিকা নিয়ে আসা ভালো দিক। এ ছাড়া শিশু বাজেটের চিন্তাটা ভালো। চার-পাঁচ বছর পর ইতিবাচক ফল পাওয়া যাবে। বাজেটে দুই বছরের মধ্যে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির ৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে। তবে এটি অর্জনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে বিনিয়োগের যে স্থবিরতা চলছিল, সেটি আগামী এক-দুই বছরে কাটছে না। দেশের অর্থনীতি গত বছর যে সরলরেখার মতো চলছিল, ভবিষ্যতে সেটি অব্যাহত থাকবে।

৭/১০

নাছির উদ্দিন চৌধুরী
নাছির উদ্দিন চৌধুরী

নাছির উদ্দিন চৌধুরী
সাবেক সহসভাপতি, বিজিএমইএ
বিনিয়োগ স্থবিরতা কাটাতে বাজেটে বড় ধরনের কর্মসূচি নেই। অন্তত টানা তিন বছর বিনিয়োগকারীদের উৎসাহিত করতে শিল্পপ্লটের জন্য বরাদ্দ দিয়ে শুরু করা যেত। কারণ, শিল্পকারখানায় কমপ্লায়েন্স ইস্যুতে অনেকে বের হয়ে যেতে পারে। এমনটি করা গেলে তাদের ধরে রাখা যেত। নতুন উদ্যোক্তাদেরও সুবিধা হতো। বাজেট পাসের আগে বিষয়টি যেন অন্তর্ভুক্ত হয়। আবার সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায়ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেই। পিপিপিতে সরকার জায়গা দেবে, অবকাঠামো করবেন বেসরকারি বিনিয়োগকারীরা। সব মিলিয়ে বিনিয়োগের ব্যাপারে সাহসী সিদ্ধান্ত নেওয়া না হলে রপ্তানিও সেভাবে বাড়বে না।