অর্থমন্ত্রী কত নম্বর পেলেন?
জাতীয় সংসদে গতকাল ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। চারজন ব্যবসায়ী ও একজন অর্থনীতিবিদের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়—
১. বাজেটের ভালো দিক কোনগুলো? দুর্বলতা কী?
২. সামগ্রিক বিচারে ১০-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন?

৭/১০
সফিউল ইসলাম মহিউদ্দিন
সভাপতি, এফবিসিসিআই
প্রাথমিক বিশ্লেষণে আমি মনে করি, দেশের জিডিপির আকার অনুযায়ী এবার ৪ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা ঠিক আছে। ভ্যাট আইনে আমরা ব্যবসায়ীরা যেসব পরিবর্তন চেয়েছিলাম, তার আংশিক বিবেচনায় নেওয়া হয়েছে। তবে ভ্যাটমুক্ত বার্ষিক লেনদেন সীমা ৩০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করা এবং লেনদেন বা টার্নওভার করের সীমা ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করায় ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। এ ছাড়া অবকাঠামো উন্নয়নে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, যা ইতিবাচক দিক বলেই মনে করি। তবে এডিপি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া বাজেটের বড় দুর্বলতা। এ জন্য প্রকল্প বাস্তবায়নে দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করা দরকার।

৭/১০
ফজলুল হক
সাবেক সভাপতি, বিকেএমইএ
সরকারের এবারের বাজেট ব্যবসাবান্ধব। পোশাকশিল্পের করপোরেট কর ৫ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করাটা ইতিবাচক। পরিবেশবান্ধব কারখানার জন্য করপোরেট কর ১৪ শতাংশ কমানো হয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। তবে করপোরেট কর ১ শতাংশ কম কমানোর কারণে মালিকেরা পরিবেশবান্ধব কারখানা করতে আগ্রহী হবেন না। পরিবেশবান্ধব কারখানার জন্য করপোরেট কর কমপক্ষে ৫ শতাংশ কমানো প্রয়োজন। অন্যদিকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ঘোষণাটি ভালো হলেও ভ্যাটের ১৫ শতাংশ হারটি বেশি হয়েছে। এ জন্য সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে।

৬.৫/১০
নাজনীন আহমেদ
সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস
সরকার বাজেটে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনের মতো দেশীয় খাতকে সুরক্ষা দিতে ভ্যাটের আওতামুক্ত রেখেছে। এই উদ্যোগ শিল্প খাতকে উৎসাহিত করবে। বাজেট বরাদ্দে শিক্ষা ও প্রযুক্তি খাতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি ইতিবাচক। অর্থমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে, নির্বাচনের কারণেই হোক আর যে কারণেই হোক, চলমান মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার এবার জোর দেবে। এ ছাড়া করপোরেট কর কমানো ও পোশাক খাতের প্রতি সর্বোচ্চ নমনীয়তা দেখানোর উদ্যোগ ভালো। অন্যদিকে বাজেটের বড় দুর্বলতা হচ্ছে, ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের দাবিদাওয়ার মুখে নতি স্বীকার করেছে।

৮/১০
মাহবুবুল আলম
সভাপতি, চট্টগ্রাম চেম্বার
এবারের বাজেট উন্নয়ন সহায়ক বাজেট হয়েছে। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের লালখান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দোহাজারী-ঘুমধুম রেললাইনের জন্য আলাদা বরাদ্দ হয়েছে। ওষুধশিল্পকে বিকশিত করতে কাঁচামালে শুল্ক রেয়াত সুবিধা দেওয়া হয়েছে। চামড়াশিল্পেও রেয়াতি সুবিধা দেওয়ায় ভালো হয়েছে। আবার নতুন ভ্যাট আইনে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জীবন রক্ষাকারী ওষুধসহ অনেক পণ্য মূসকের আওতার বাইরে রাখা হয়েছে। তবে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে ব্যবসায়ীরা ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ে এখনো প্রস্তুত নন। তাঁরা ইসিআর মেশিন চালানোর মতো দক্ষ নন।

৮/১০
শাকিল রিজভী
সাবেক সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জ
এবারের বাজেটে অবকাঠামো খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি, এটিই এবারের বাজেটের সবচেয়ে ভালো দিক। এ ছাড়া ব্যাংকে লাখ টাকার বেশি থাকলে তার ওপর বাড়তি করারোপ করা হয়েছে। এটি সাধারণ মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। নিম্নবিত্ত ও মধ্যম আয়ের সাধারণ অনেক মানুষ আছে, যারা ব্যাংকে টাকা রেখে সেখানকার সুদ আয় দিয়ে চলে। এখন কর বাড়লে সেসব মানুষের আয় কমবে। তবে পুঁজিবাজারের লোক হিসেবে আমার মনে হয়, সরকারের এ সিদ্ধান্তে ব্যাংকে টাকা রাখার চেয়ে শেয়ারবাজারে টাকা বিনিয়োগে সাধারণের আগ্রহ কিছুটা বাড়তে পারে।