অর্থমন্ত্রী কত নম্বর পেলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জাতীয় সংসদে গতকাল ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনজন ব্যবসায়ী ও একজন অর্থনীতিবিদের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়
১. বাজেটের ভালো দিক কোনগুলো? দুর্বলতা কী?
২. সামগ্রিক বিচারে ১০-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন?

মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার
মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার

এ বাজেট মোটাদাগে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বাজেট। বাজেটে সামাজিক সুরক্ষা খাতে অগ্রাধিকার, বড় প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব, কৃষি ও জ্বালানি খাতে বিশেষ অগ্রাধিকার, জনপ্রশাসনের পর শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ, স্থানীয় বিনিয়োগ বিশেষ করে মোটরসাইকেল ও মোবাইল সেট উৎপাদনে ভ্যাট অব্যাহতি, করপোরেট কর কমানোর মতো উদ্যোগগুলো ইতিবাচক। মূল্যস্ফীতি বিবেচনা করে করমুক্ত আয়সীমা অন্তত তিন লাখ টাকা করা উচিত ছিল। স্থানীয় ঋণপত্রের ক্ষেত্রে নতুন করে যেসব খাতে উৎসে কর আরোপ করা হয়েছে, তাতে ব্যবসার খরচ বেড়ে যাবে।

ফাহিম মাশরুর, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও সাবেক সভাপতি, বেসিস
ফাহিম মাশরুর, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও সাবেক সভাপতি, বেসিস


শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এখন একটি বড় সমস্যা। কিন্তু কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা সেবা কেনাবেচার জন্য ভ্যাট আদায়ের সুপারিশ ই-কমার্স খাতের জন্য প্রযোজ্য হবে কি না, তা পরিষ্কার নয়। এটি যদি ই-কমার্সের জন্য প্রযোজ্য হয়, তাহলে তা এ খাতে বড় ধরনের সমস্যা তৈরি করবে। বাজেটের একটা ভালো দিক হলো, যেসব ব্যক্তির একাধিক গাড়ি আছে, তাদের গাড়ির ওপর সারচার্জ বসানোর সিদ্ধান্ত। সব মিলিয়ে এ বাজেটকে খুবই গতানুগতিক মনে হয়েছে, নতুনত্ব চোখে পড়েনি।

ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ
ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ

সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা বাড়ানো হয়েছে। পলিথিন ও প্লাস্টিক ব্যাগের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, এতে ব্যবহার কমবে, বাঁচবে পরিবেশ। চাল আমদানিতে আবার ২৮ শতাংশ শুল্ক বসানো হয়েছে, এতে কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন। করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। অথচ মূল্যস্ফীতি বাড়ছে, মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। ব্যাংক খাতের অবস্থা এমনিতেই নাজুক, এরপরও আড়াই শতাংশ করপোরেট কর কমানো হয়েছে। পরিচালকদের সুযোগ বাড়ানো হয়েছে। অথচ খাতটির সংস্কার নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নেই।

ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ
ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ

বাজেটে কোনো চমক নেই। গত বছরের বর্ধিত সংস্করণ হচ্ছে এবারের বাজেট। সর্বজনীন পেনশন চালু করার উদ্যোগটি ভালো, তবে সেটির বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জিং। তা ছাড়া সামাজিক সুরক্ষার আওতা ও কৃষি ভর্তুকি বৃদ্ধি করা ইতিবাচক। অন্যদিকে করপোরেট কর না কমানোয় ব্যবসায়ীরা আশাহত। ব্যাংক ছাড়া কি আর কেউ করপোরেট নয়? পোশাক খাত কেবল ঘুরে দাঁড়াচ্ছে, ফলে এই সময়ে করপোরেট কর বৃদ্ধি করার সিদ্ধান্ত ভালো সিগন্যাল নয়। ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ৪২ হাজার কোটি টাকা ঋণ নিলে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।