অর্থমন্ত্রী তিন সপ্তাহের জন্য বিদেশ যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রায় তিন সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছেন। কাল শনিবার ঢাকা ছাড়ছেন তিনি। সৌদি আরব ও নেদারল্যান্ডস হয়ে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবেন এবং কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
অর্থ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সৌদি আরবে অবস্থানকালে অর্থমন্ত্রী ওমরাহ হজ পালন করবেন এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
ওমরাহ শেষে ২৮ ও ২৯ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠেয় ‘ডাচ-বাংলা এক্সপো ২০১৬’-এ অতিথি থাকবেন অর্থমন্ত্রী। সেখান থেকে ১ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন এবং ৪ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে থাকবেন। এ সময় তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্ক এবং সোনালী ব্যাংক ক্লিয়ারিং হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ৬-৯ অক্টোবর অনুষ্ঠেয় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিতে অর্থমন্ত্রী ৫ অক্টোবর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যাবেন। ১২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।