অর্থমন্ত্রী রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিলেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন। এ জন্য তিনি জরিপের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, জনগণকে কর প্রদানে উৎসাহ প্রদান, বিকল্প পদ্ধতিতে রাজস্বসংক্রান্ত বিরোধ নিরসন এবং দেশের সব কাস্টম হাউসে স্বয়ংক্রিয় পদ্ধতির কার্যক্রম বাস্তবায়নেরও নির্দেশ দেন।চট্টগ্রামে গতকাল শনিবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব তাগিদ দেন অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শুল্ক, মূসক ও আয়কর কমিশনাররা অংশ নেন।অর্থমন্ত্রী বলেন, সর্বোচ্চ করদাতা পর্যায়ে পোশাকশিল্পের মালিকদের সংখ্যা এখনো অনেক কম। দেশে করযোগ্য ব্যক্তির সংখ্যা অনেক বেশি হলেও সবাই কর দেন না। বিত্তশালীদের মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি বলেও মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী আরও বলেন, পণ্য আমদানিতে প্রবৃদ্ধি কমায় কাস্টম হাউসের মাধ্যমে রাজস্ব আদায় কমে যেতে পারে। এ কারণে আয়কর খাতে রাজস্ব আয় বাড়ানোর ওপর বেশি জোর দিতে হবে। গত বছর বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় এবার আয়কর থেকে বেশি রাজস্ব আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিক জানান, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে কাস্টম হাউসের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৭২৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার কোটি টাকা। এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারিসহ বিভিন্ন সরকারি সংস্থার কাছে কাস্টম হাউসের ৫০০ কোটি টাকার পাওনা বকেয়া রয়েছে বলে তিনি উল্লেখ করেন।চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার জামাল হোসেন বলেন, চলতি অর্থবছরে চার হাজার ৭০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত দুই হাজার ১০০ কোটি টাকা আদায় হয়েছে। সরকারি সংস্থা ইস্টার্ন রিফাইনারির কাছে এই বিভাগের এক হাজার কোটি টাকা বকেয়া আছে বলে তিনি জানান।