অর্থমন্ত্রী ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট দিতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘আমার ইচ্ছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট করার। তবে পরের বাজেট (২০১৮-১৯) সাদামাটা হবে।’
ব্যাংক খাত নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বলে সাংবাদিকদের জানালেও সেসব কথাবার্তা কী এবং আলোচকেরা কী পরামর্শ দিয়েছেন, তা আর তুলে ধরেননি অর্থমন্ত্রী।
নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন আগামী জুলাই থেকে কার্যকর হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কার্যকর হবে। আপত্তি আছে জানি। এ ব্যাপারে আলোচনা চলছে।’
বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ, গবেষক নাজনীন আহমেদ, ইআরজির গবেষক মোহাম্মদ হেলালউদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থসচিব মাহবুব আহমেদ, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।