অর্থমন্ত্রী 'আনহ্যাপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সফররত রাশিয়ার জাতীয় নিউক্লিয়ার করপোরেশনের (রোসাটম) উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এন স্পাসকির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী রাজস্ব আদায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘এটা ব্যাড সিগন্যাল। আই অ্যাম আনহ্যাপি।’
আর এ পরিস্থিতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমার অর্থমন্ত্রী থাকাকালীন এত কম রাজস্ব আদায় আগে কখনো হয়নি। বিষয়টি নিয়ে আমি আজই (মঙ্গলবার) এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে বসব।’
তবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এবং তা আগের বছরের তুলনায় কতটা কম, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
কেন লক্ষ্য অর্জিত হচ্ছে না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে রাজস্ব প্রশাসনে পরিবর্তন আনার কারণে কর্মকর্তাদের কারও কারও মধ্যে অসন্তোষ থাকতে পারে। আমলাদের মধ্যে একধরনের গ্রুপিং-ট্রুপিংও থাকে।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রশাসনে পরিবর্তন হলে কেউ কেউ অসন্তুষ্ট হন ঠিক, কিন্তু এনবিআর আগে যেভাবে চলত, এখন হয়তো সেভাবে চলছে না। আমি এনবিআরের চেয়ারম্যানকে এসব ছোটখাটো বিরোধ মিটিয়ে ফেলতে বলেছি এবং রাজস্ব আদায়ের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছি।’

চলতি অর্থবছরের বাজেটে ২৯ শতাংশ প্রবৃদ্ধি ধরে এনবিআরকে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এর মধ্যে প্রথম প্রান্তিকের লক্ষ্য ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা। কিন্তু এনবিআর আদায় করেছে ৩০ হাজার ৯০৫ কোটি টাকা। অর্থাৎ এই সময়ে রাজস্ব আয়ে ঘাটতি হয়েছে ৫ হাজার ৮০৪ কোটি টাকা।

অবশ্য গত অর্থবছরের একই সময়ে ২৮ হাজার ২১৯ কোটি টাকার রাজস্ব আদায় করেছিল এনবিআর। সেই হিসাবে অবশ্য গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৫১ শতাংশ।