অর্থমন্ত্রীর কাছে পরিষ্কার জবাব চাইলেন মঈন উদ্দীন খান বাদল
সংসদ অধিবেশনের অনির্ধারিত আলোচনায় মঈন উদ্দীন খান বাদল বলেছেন, ‘২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ থেকে ৬ লাখ ৬ হাজার ৮৬৮ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের হাত অনেক লম্বা—অর্থমন্ত্রী এ কথা বলে খালাস হলে চলবে না। পরিষ্কার জবাব চাই।’
আজ বুধবার সংসদ অধিবেশনে মঈন উদ্দীন খান বাদল এ কথা বলেন। তিনি বলেন, ‘যে সময়টুকুর কথা বলা হচ্ছে, তা আমাদের আমল। এ টাকা যাচ্ছে কীভাবে? এরা কারা? কারা এই ভদ্রলোক? এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি আশা করি। অর্থমন্ত্রী অন্যান্য কাজ বন্ধ করে পার্লামেন্টে উত্তর দেন।’
মঈন উদ্দীন খান বাদল এই টাকা পাচার প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান। দেশের উন্নয়ন চলছে, তবে এ ধরনের গর্ত থাকলে, যে গর্ত সব উন্নয়ন খেয়ে ফেলে তা থাকলে দেশকে আর মধ্য আয়ের দেশে পৌঁছাতে হবে না, পেছন থেকে কোথায় থাকবে তা নিয়ে চিন্তা করতে হবে।
এর আগে ২০১৪ সালে দেশ থেকে ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার নিয়ে সম্পূরক প্রশ্ন করেন পীর ফজলুর রহমান। এ প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ৭৩ হাজার কোটি টাকা পাচার হওয়ার তথ্য একেবারে উড়িয়ে দিচ্ছি না। কেন্দ্রীয় ব্যাংকের এফআইইউ তথ্য সংগ্রহ করবে। পাচার বা চুরি নিয়ে ব্যবস্থা নেবে। চুরি অহরহ হবে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক বিগত পাঁচ বছরে খেলাপি ঋণের মোট ২ হাজার ৪১ কোটি ২৫ লাখ টাকার সুদ মওকুফ করেছে।
সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নে আবদুল মতিন জানতে চান, বিগত পাঁচ বছরে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক খেলাপি ঋণের সুদ মওকুফ করা হয়েছে কি না। এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান।
আবদুল মতিন সম্পূরক প্রশ্নে জানতে চান, সুদ মওকুফের অবশিষ্ট অর্থ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। এই শর্তভঙ্গের দায়ে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তবে কাগজপত্র দেখে প্রশ্নের উত্তর দিতে হবে। এ বিষয়ে সংসদে নোটিশ দিলে উত্তর দেবেন বলেও জানান।
যেসব অসাধু ব্যবসায়ী ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা ফেরত দিচ্ছেন না, তাঁদের সম্পর্কে জানতে চান শামীম ওসমান। এর উত্তরে অর্থ প্রতিমন্ত্রী জানান, সরকারপ্রধানসহ সবাই এ বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত। ব্যাংকগুলোর প্রতি তদারকি জোরদার করা হচ্ছে। শিগগিরই খারাপ অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।
আজ সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী অনুপস্থিত ছিলেন।