অর্থমন্ত্রীর পক্ষে-বিপক্ষে সরব সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বছর চুপচাপ থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন কার্যকরের কঠোর বিরোধিতায় নেমেছেন এখন সরকারদলীয় সাংসদেরাও। অন্য দলের সাংসদেরাও এ আইন নিয়ে এত দিন বলিষ্ঠভাবে কোনো কথা বলেননি। যদিও মন্ত্রিসভা ও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সবশেষে জাতীয় সংসদে এই আইন পাস হয় ২০১২ সালের নভেম্বরেই।

একশ্রেণির ব্যবসায়ী প্যাকেজ ভ্যাটের সুবিধা ভোগ করে আসছিলেন বলে ভ্যাট আইনের বিরোধিতা করছিলেন শুরু থেকেই। কিন্তু রাজনীতিবিদেরা কখনোই এর মধ্যে ঢোকেননি। এবারের চিত্র সম্পূর্ণই ভিন্ন। জাতীয় সংসদে এখন প্রতিদিনই নতুন ভ্যাট আইন ও বাজেট নিয়ে সাংসদেরা মুখর হচ্ছেন। পিছিয়ে নেই জাতীয় পার্টির সংসদেরাও। এমনকি সমালোচনা করছেন মন্ত্রীরাও।

আগের দিন সোমবার বাজেট, ভ্যাট আইনসহ অর্থমন্ত্রীর সমালোচনা করে সরকারদলীয় কয়েকজন সাংসদ বক্তব্য দেন। এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আরও কয়েকজন মন্ত্রী আবদুল মুহিতের বিপক্ষে দাঁড়ান।

গতকাল মঙ্গলবার অবশ্য অর্থমন্ত্রীর পক্ষেও দাঁড়ান কোনো কোনো সাংসদ। এ ছাড়া গতকাল জাতীয় পার্টির কেউ কেউ তাঁর পদত্যাগও দাবি করেন।

বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে গতকাল জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত বলে বক্তব্য দেন। অর্থমন্ত্রীর উদ্দেশে জিয়াউদ্দিন বলেন, ‘দয়া করে পদত্যাগ করুন। আপনার অনেক বয়স হয়েছে। আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু বিদায় নিয়ে আপনি ১৬ কোটি মানুষকে মুক্তি দিন।’ জিয়াউদ্দিন বলেন, ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে করদাতাদের টাকা দিয়ে দেওয়ার কোনো অধিকার অর্থমন্ত্রীর নেই। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত।’

জাতীয় পার্টির আরেক সাংসদ কাজী ফিরোজ রশীদও অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বলেছেন এটা শ্রেষ্ঠ বাজেট। এটা শ্রেষ্ঠ তামাশার বাজেট। ক্ষমা চাই, আপনার কাছে আর কোনো বাজেট চাই না।’

ফিরোজ রশীদ আরও বলেন, ‘কী বাজেট দিলেন? আগামী বছর তো ভোট। ভোটের আগে ১৫ শতাংশ ভ্যাট! আপনি কি ভোটের ওপর ভ্যাট ধরেছেন? সেই ভ্যাট আবার চান! এ দেশের মানুষ কি পাগল?’

বাজেট নিয়ে সংসদে মন্ত্রীদের সমালোচনার সমালোচনাও করেন ফিরোজ রশীদ। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘অবাক লাগে যখন দেখি মন্ত্রীরা বাজেটের সমালোচনা করছেন। মন্ত্রিসভায় আপনারা কী পাস করলেন?’

গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ব্যাংক আমানতে আবগারি শুল্ক আগের মতো রাখা এবং ঢালাওভাবে ভ্যাট আরোপ না করার পরামর্শ দেন। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন।

তবে অর্থমন্ত্রীর পক্ষে সরাসরি দাঁড়ান সরকারদলীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহ্। প্রস্তাবিত বাজেটকে বাস্তবায়নযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর যেভাবে সমালোচনা চলছে, তাতে ভোট আরও নষ্ট হচ্ছে। কিছু ভুল-ত্রুটি হলে সেগুলো সংশোধন হতে পারে।’

সরকারদলীয় আরেক সাংসদ নাজিমউদ্দিন আহমেদ আওয়ামী লীগের সাংসদদের উদ্দেশে বলেন, ‘বাজেট নিয়ে আমরাই যদি সমালোচনা করি, বিরোধী দল কেন করবে না। অর্থমন্ত্রীকে কোণঠাসা করতে কথা বলা হচ্ছে। তিনি তো আমার দলেরই মন্ত্রী। তাঁর কোনো ভুল থাকলে প্রধানমন্ত্রীই ঠিক করে দেবেন।’

সরকারদলীয় সাংসদ পংকজ দেবনাথ বলেন, ‘আমরা বিএনপি, বিরোধী দল ও গণমাধ্যমের হাতে কেন অস্ত্র তুলে দিলাম? এগুলো স্যাবোটাজ কি না, তাও দেখতে হবে।’

ব্যাংকগুলোকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে

জিয়াউদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ব্যাংকগুলোকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ১ লাখ ১৬ হাজার কোটি টাকা খেলাপি ঋণ, এর মধ্যে ঋণ অবলোপনও আছে। কার টাকা অবলোপন করছেন? মানুষের টাকা লুট হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে। এসব নিয়ে অর্থমন্ত্রীর কোনো বক্তব্য নেই।’

জিয়াউদ্দিন বলেন, ‘লুটপাট কারা করছে? এরা কি আপনাদের চেয়ে, সরকারের চেয়ে শক্তিশালী? কেন তাদের আইনের আওতায় আনবেন না? বেসিক ব্যাংকের চেয়ারম্যান এখনো ঘুরে বেড়াচ্ছেন। দুদক (দুর্নীতি দমন কমিশন) নাকি তাঁর বিরুদ্ধে কিছু পায়নি। সোনালী, জনতা—এসব ব্যাংকের করুণ অবস্থা।’

হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে জানিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, লুটপাটের সঙ্গে কারা জড়িত, সৎ সাহস থাকলে সংসদে তাঁদের নাম প্রকাশ করুন। শেয়ারবাজার কেলেঙ্কারির পর খোন্দকার ইব্রাহিম খালেদের প্রতিবেদনে সবই নিজেদের লোকের নাম এল। ব্যবস্থা নিলেন না কেন?

ভাত দেওয়ার নাম নাই, কিলানোর গোঁসাই

কাজী ফিরোজ রশীদ বলেন, প্রস্তাবিত বাজেটে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। একদিন জনগণ কিন্তু ঠিকই ব্যবস্থা নেবে। গরিবের ওপর কর বসাবেন আর লুটেরাদের সুরক্ষা দেবেন, জনগণ তা মেনে নেবে না। ভাত দেওয়ার নাম নাই, কিলানোর গোঁসাই।

 জিয়াউদ্দিন আহমেদ বলেন, এক বছরে মোটা চালের দাম ৪৭ শতাংশ বেড়েছে। মানুষের জীবন ওষ্ঠাগত। মানুষ চাল কিনতে পারছে না। তিনি বলেন, সুশাসন না থাকলে মানুষ উন্নয়নের সুফল পাবে না।

উন্নয়নের মহাসড়ক না দুর্যোগের

বিচিত্র দেশের বিচিত্র মন্ত্রীর বিচিত্র বাজেট উল্লেখ করে জাতীয় পার্টির জিয়াউদ্দিন অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি উন্নয়নের মহাসড়কে নাকি দুর্যোগের মহাসড়কে আছেন, সেটা এখন বিবেচনার বিষয়।’

ফিরোজ রশীদও বলেন, ‘নতুন স্লোগান উঠেছে “উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের”। সত্যিই তো সময় এখন আপনাদের। আজ আপনি অনেক শক্তিশালী। মনে রাখবেন, সময় আপনার থেকে অনেক শক্তিশালী এবং সময় খুব ভালো প্রতিশোধ নিতে পারে।’

ঢাকার রাস্তায় হাঁটুপানি হয় উল্লেখ করে ফিরোজ রশীদ মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘সব প্রধানমন্ত্রীকে দেখতে হয়। নিজেরা থাকেন বিদেশে। সংসদেও থাকেন না। শেখ হাসিনা ভরসা। আপনারা কী করেন?’

একসময়ের চার পৃষ্ঠার আয়কর ফরমকে এখন ১০ পৃষ্ঠা করা হয়েছে জানিয়ে জাতীয় পার্টির এই সাংসদ বলেন, ‘কেউ যদি সারা দিনে এটা পূরণ করতে পারেন, চ্যালেঞ্জ করলাম আমি সংসদ থেকে বেরিয়ে যাব।’ তিনি বলেন, এই ফরম পূরণ করতে আইনজীবীর কাছে যেতে হবে। দেখা যাবে কর হবে ৫ হাজার টাকা, আর আইনজীবীকে দিতে হবে ৫০ হাজার টাকা।

পরের ধনে ব্যবসায়ীদের পোদ্দারি

ব্যবসায়ীদের দুই হাত দুই দিকে থাকে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ। জাতীয় সংসদে গতকাল অনুষ্ঠিত বাজেট আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশীদ বলেন, ব্যবসায়ীদের দুটি হাত থাকে। একটি থাকে প্রধানমন্ত্রীর দিকে, আরেকটি থাকে সাবেক প্রধানমন্ত্রীর দিকে। এটা হচ্ছে তাঁদের ব্যবসার কৌশল। অর্থাৎ সরকার পরিবর্তন হলে তাঁদের যাতে কোনো ক্ষতি না হয়।

ব্যাংক খাতের এক ব্যবসায়ী নেতাকে ইঙ্গিত করে ফিরোজ রশীদ বলেন, ‘একজনকে দেখি ইয়া বড় দাড়ি! মুক্তহস্তে শত শত কোটি টাকা দান করছেন। বছরে ৮ থেকে ১০ বার গিয়ে ফটো উঠাচ্ছেন। ’

ফিরোজ রশীদ বলেন, এগুলো খুবই শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। কিন্তু তাঁরা যে টাকা দিচ্ছেন, তা তাঁদের টাকা নয়। এ টাকা জনগণের। জনগণকে লভ্যাংশ কম দিয়ে এবং কারণে-অকারণে সার্ভিস চার্জ (সেবা মাশুল) কেটে নিয়ে শত শত কোটি টাকা আয় করছেন তাঁরা। আর সেই টাকা অকাতরে দান করে পরের ধনে পোদ্দারি করছেন। এটা অনৈতিক। এগুলোর তদন্তে তদন্ত দল গঠন করা দরকার।