অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিতে ডিএসইর সামনে বিক্ষোভ
পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবিতে আজ সোমবারও দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিনিয়োগকারীরা এই কর্মসূচি পালন করেন। বেলা একটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।অবরোধের একপর্যায়ে বেলা দুইটার দিকে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে একপাশের সড়ক অবরোধ করেন। পরে বেলা তিনটার দিকে বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক থেকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিনিয়োগকারীরা মিছিল নিয়ে শাপলা চত্বর হয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ করে।১১ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে তিনি কিছু বলেন না। কারণ এই শেয়ারবাজার দুষ্টু শেয়ারবাজার।’ শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে আজ বিক্ষোভ করেন।