অর্থমন্ত্রীর পরামর্শে অ্যাপোলো ইস্পাতের আইপিও স্থগিত করেছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও স্থগিত করা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ আপাতত স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী কোম্পানিটির বেশ কিছু বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, অর্থমন্ত্রী সম্প্রতি কোম্পানিটি সম্পর্কে বিএসইসির চেয়ারম্যানের কাছে একটি চিঠি দেন। এতে তিনি কোম্পানিটির বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্তের কথা বলেন এবং আইপিও স্থগিতের পরামর্শ দেন।সংশ্লিষ্ট সূত্রমতে, কোম্পানিটিতে প্রাক্তন শেয়ারধারীদের স্বার্থ যথাযথভাবে সংরক্ষণ ও সঠিকভাবে কর পরিশোধ করেছে কি না, স্থানীয় এলসি বা ঋণপত্র খুলে কোম্পানিটি কী করেছে ইত্যাদি বিষয় তদন্ত করে দেখার জন্য বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিএসইসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন অর্থমন্ত্রী।এরই পরিপ্রেক্ষিতে বিএসইসি অ্যাপোলো ইস্পাতের আইপিও স্থগিতের সিদ্ধান্ত নেয়। কমিশন সংশ্লিষ্ট সূত্র বলছে, আইপিও স্থগিতের পাশাপাশি কোম্পানিটির বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে।গত বছরের ১৩ ডিসেম্বর কমিশনের সভায় কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপ্রাপ্তির পর কোম্পানিটি আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন করে। আগামী ৩ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত এই অর্থ সংগ্রহের কথা ছিল। কিন্তু গতকাল কমিশন আইপিও স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার ফলে আপাতত কোম্পানিটি অর্থ সংগ্রহ করতে পারবে না। আইপিও প্রস্তাব অনুযায়ী, অ্যাপোলো ইস্পাত ১০ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করার কথা ছিল। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল ২২ টাকা।বিএসইসি জানিয়েছে, বর্তমান পুনর্গঠিত কমিশন দায়িত্ব নেওয়ার পর আইপিওর সব শর্ত পূরণ না করায় এর আগে কোম্পানিটির আবেদন বাতিল করে। একই সঙ্গে বিএসইসির নির্দেশনা ভঙ্গের কারণে কোম্পানির নিরীক্ষক, কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি কোম্পানিটির মূল্য নিরূপক প্রতিষ্ঠান মেসার্স মসি মুহিত হক অ্যান্ড কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীকালে শর্ত পূরণ করে কোম্পানিটি পুনরায় আইপিওর আবেদন জমা দেয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিএসইসি সেটির অনুমোদন দেয়।