অর্থমন্ত্রীর প্রাক্কলনই ঠিক!
হাঁকডাক দিয়েও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।খরচ করতে না পারায় প্রতিবারের মতো এবারও তিন হাজার কোটি টাকার বেশি অর্থ মন্ত্রণালয়ে ফেরত দিতে হচ্ছে।এর মধ্যে আড়াই হাজার কোটি টাকা বিদেশি সহায়তার অর্থ।
বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির ৯৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। সারা বছরে খরচ হয়েছে ৫৬ হাজার ৭৯৩ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ৬০ হাজার কোটি টাকা। আর পরিকল্পনা কমিশনের তদারকিতে বা আওতাধীন ৬৫ হাজার ৮৭০ কোটি টাকার মূল এডিপি নেওয়া হয়েছিল।
অবশ্য এডিপি বাস্তবায়নের এই উপাত্ত এখনো পূর্ণাঙ্গ নয়।এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সচিব সুরাইয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘মোট কত শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে সেটা প্রায় চূড়ান্ত করা হয়েছে। তবে সব মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক বাস্তবায়নের চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি। মূলত ঠিকাদারদের বিল পরিশোধের পরই এই হিসাব চূড়ান্ত করা হবে।’ চলতি মাসের মধ্যেই হিসাব পাওয়া যাবে বলে তিনি জানান।
গত এপ্রিল মাসে সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মধ্যে মতবিরোধ তৈরি হয়। অর্থমন্ত্রী চেয়েছিলেন, সংশোধিত এডিপি ৫৫ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকুক। আর এই সংশোধিত এডিপির আকারই বাস্তবায়নযোগ্য বলে মনে করেছিলেন তিনি। সব মিলিয়ে অর্থের সংস্থানে ঘাটতি ও প্রকল্প বাস্তবায়ন করার সক্ষমতাসহ বাস্তবতা অনুধাবন করার জন্য পরিকল্পনামন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু পরিকল্পনামন্ত্রী তা মানেননি। সংশোধিত এডিপির জন্য ৬০ হাজার ৫৮২ কোটি টাকা দাবি করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সে সময় অর্থমন্ত্রীর
ব্যক্তিগত সমালোচনাও করেন পরিকল্পনামন্ত্রী।
শেষ পর্যন্ত সংশোধিত এডিপি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। পরিকল্পনামন্ত্রীর দাবিকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত ৬০ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়।পরিকল্পনামন্ত্রী তখন সাংবাদিকদের বলেছিলেন, বিদায়ী অর্থবছরে ৬০ হাজার কোটি টাকাই খরচ করা সম্ভব।
কিন্তু বাস্তবে তা হয়নি।গতানুগতিকভাবে সংশোধিত এডিপির পুরোটা খরচ করা সম্ভব হয়নি। এমনকি ২০১২-১৩ অর্থবছরের চেয়েও ১ শতাংশ কম এডিপি বাস্তবায়ন হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘এডিপি বাস্তবায়ন কতটা হলো, সেটা বড় কথা নয়। গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন হয়েছে কি না, সেটা বড় কথা।’ প্রতি অর্থবছরের শেষের দিকে এসে টাকা খরচ করতে গিয়ে প্রকল্পের গুণগত মান ঠিক থাকে না বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান যে বিভিন্ন প্রকল্পে যেন গুণগত মান বজায় থাকে সেজন্য প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে প্রকল্প পরিচালক যেন ঘন ঘন পরিবর্তন না হয়, সে বিষয়ে একটি নির্দেশনা জারির প্রক্রিয়া চলছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপিতে স্থানীয় মুদ্রায় ৩৮ হাজার ৮০০ কোটি টাকা জোগান দেওয়া হয়েছিল। বছর শেষে স্থানীয় মুদ্রার ৯৮ শতাংশ বা ৩৮ হাজার ২৪ কোটি টাকা খরচ করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। আর সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার ২১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে ৮৮ শতাংশ বা ১৮ হাজার ৬৫৬ কোটি টাকা খরচ হয়েছে।
বিদায়ী অর্থবছরে সাতটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের অনুকূলে বরাদ্দের পুরোটাই খরচ করতে সমর্থ হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় শতভাগ এডিপি বাস্তবায়ন করেছে।
২০১২-১৩ অর্থবছরে এডিপির ৯৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। সে বছর সংশোধিত এডিপির আকার ছিল ৫২ হাজার ৩৬৬ কোটি টাকা। বছরে শেষে ৫০ হাজার ৩৫ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। এ ছাড়া ২০১১-১২ অর্থবছরে ৯৩ শতাংশ ও ২০১০-১১ অর্থবছরে ৯২ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
বিগত ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির ৯৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ সারা বছরে উন্নয়ন ব্যয় বাবদ খরচ হয়েছে ৫৬ হাজার ৭৯৩ কোটি টাকা
অর্থমন্ত্রী চেয়েছিলেন, সংশোধিত এডিপি ৫৫ হাজার কোটি টাকার মধ্যে থাকুক। তবে পরিকল্পনামন্ত্রীর দাবিকে প্রাধান্য দিয়ে ৬০ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়
‘‘মোট কত শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে সেটা প্রায় চূড়ান্ত করা হয়েছে। তবে সব মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক বাস্তবায়নের চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি
সুরাইয়া বেগম
সচিব, আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়