অর্থমন্ত্রীর বক্তব্যে হতাশা জানাল কেইপিজেড
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) অব্যবহৃত জমি চীন, জাপান ও ভারতকে দেওয়া হবে বলে যে ঘোষণা দিয়েছেন কেইপিজেড কর্তৃপক্ষ তাতে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে।
উল্লেখ্য, প্রথম আলোর বাণিজ্য পাতায় ২২ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর বরাত দিয়ে ‘কেইপিজেডেরে অব্যবহৃত জমি পাবে চীন, জাপান ও ভারত’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘কোরীয় ইপিজেড থেকে জমি বের করে নিয়ে চীন, জাপান ও ভারতকে দেওয়া হবে। ১৯৯৬ সালে তাদের দুই হাজার ৫০০ একর জমি দেওয়া হয়। কিন্তু তারা ৫০০ একর জমিও ব্যবহার করতে পারেনি।’
এ প্রসঙ্গে এক সংবাদ সংযুক্তি প্রেরণ করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, কেইপিজেডের উদ্যোক্তা হিসেবে ইয়াংওয়ান গ্রুপ নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও ইপিজেডটি সচল রেখেছে। সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের অসহযোগিতায় জমির হস্তান্তর দলিল ১৫ বছরেও কার্যকর হয়নি। তারপর অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য প্রদান কেইপিজেড কর্তৃপক্ষকে গভীরভাবে হতাশ করেছে।
কেইপিজেড কর্তৃপক্ষ আরও বলেছে, ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী মহোদয় সচিবালয়ে তাঁর কার্যালয়ে কোরিয়া-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে কেইপিজেডের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।