অর্থমন্ত্রীর সঙ্গে এমবিএ অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ
দেশে ম্যানেজমেন্ট প্রফেশনাল তথা ব্যবস্থাপনা পেশাজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এমবিএ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন এর সভাপতি মামুন রশীদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আল-মঈজ লাইওয়ালাসহ সারওয়ার আহমেদ, রূপালী চৌধুরী ও জাকির ইবনে হাই উপস্থিত ছিলেন।প্রতিনিধিদলটি অর্থমন্ত্রীর সামনে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অর্থমন্ত্রী ধৈর্যসহকারে এমবিএ অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্য শোনেন এবং দেশে ব্যবস্থাপনা পেশার উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন। এ ছাড়া তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবস্থাপনা পেশায় নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের নেতারা ব্যবস্থাপনা পেশার সুযোগ্য ব্যক্তিদের নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন হচ্ছে দেশে এমবিএ ডিগ্রিধারী ব্যবস্থাপনা পেশাজীবীদের শীর্ষ সংগঠন।