অর্থসংকটে বাজেটের আকার খুব বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের বর্তমান মেয়াদে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়া সত্ত্বেও আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটের আকার তত বাড়ছে না। অর্থসংকটে সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী ৭ জুন জাতীয় সংসদে আগামী বাজেট উপস্থাপন করা হবে। তিনি এও জানান, অনুন্নয়ন-উন্নয়ন মিলিয়ে বাজেটের মোট আকার হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট হবে ৫৪ হাজার কোটি টাকার।চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটের আকার এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার মধ্যে এডিপি ছিল ৪৬ হাজার কোটি টাকা। যদিও সংশোধন করে পরে তা ৪১ হাজার কোটি টাকা করা হয়।অথচ, গত পাঁচ বছরের ধারাবাহিকতা বিবেচনায় নিলে আগামী অর্থবছরের মোট বাজেটের আকার দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা।অর্থমন্ত্রী নিজেও তা স্বীকার করেন। সাম্প্রতিক এক বাজেট আলোচনায় তিনি বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি এমন যে এই সময়ে উচ্চাভিলাষী বাজেট করা সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত রক্ষণশীল বাজেটই করতে যাচ্ছি। অথচ, উচিত ছিল দুই লাখ কোটি টাকার বাজেট করা।’তত্ত্বাবধায়ক সরকারের দুই এবং বর্তমান সরকারের তিন অর্থাৎ গত পাঁচ অর্থবছরের বাজেটের আকার বিশ্লেষণ করে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরেই সবচেয়ে বেশি ২৩ দশমিক ৭৭ শতাংশ বাড়ানো হয়েছিল।তবে আগামী অর্থবছর বাজেটের আয়তন বাড়ানোর হার কমিয়ে ১৭ শতাংশে আনা হচ্ছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।অর্থ বিভাগ সূত্র আরও জানায়, নতুন অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতির হার ৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ধরা হবে ৭ দশমিক ২ শতাংশ।ঘাটতি: বাজেট ঘাটতি কয়েক বছর ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশের মধ্যে রাখা হলেও আগামীবার তা ৫ শতাংশ ছাড়িয়ে যাবে। অর্থমন্ত্রী নিজেও অবশ্য এই বাজেট ঘাটতি বৃদ্ধির পক্ষে।সম্প্রতি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত বাজেট আলোচনায় যুক্তি দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ঘাটতি না থাকলে সম্প্রসারণমুখী অর্থনীতি হয় না।’ পাল্টা প্রশ্নে ওই দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারতে কত বাজেট ঘাটতি, জানেন? জিডিপির ৭ শতাংশ!’চলতি অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। অনুদান বাদে অবশ্য এই ঘাটতির পরিমাণ ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ৫৮ কোটি টাকার বৈদেশিক ঋণ এবং ২৭ হাজার ২০৮ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ।অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে ছয় হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা থাকলেও সরকার শেষ পর্যন্ত তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।আগামীবার ঘাটতি বাজেটের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। ঘাটতি বাজেট ও এডিপি—প্রতিবছরই এই দুই অঙ্ক কাছাকাছি থাকে। অর্থাৎ উন্নয়ন বাজেটের পুরো টাকাটা কোনো বছরই সরকারের কাছে থাকে না। ভবিষ্যতেও থাকছে না।কমছে ভর্তুকি: বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ভবিষ্যতে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা হবে। কারণ, সম্প্রসারিত ঋণসহায়তা (ইসিএফ) বাবদ যে ১০০ কোটি ডলার শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া যাচ্ছে, তার অন্যতম শর্তই হলো ভর্তুকি কমানো।জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া ভর্তুকি ১৫ হাজার কোটি টাকায় সীমিত রাখার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে।তবে, এডিপি বাস্তবায়নে বৈদেশিক সাহায্যের অর্থ ব্যবহারে ভবিষ্যতে কড়াকড়ি করা হবে বলে জানা গেছে। বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বৈদেশিক সাহায্যের তুলনায় স্থানীয় মুদ্রায় প্রকল্প বাস্তবায়নের প্রবণতা বেশি। কারণ, স্থানীয় মুদ্রা ব্যবহার করলে নজরদারি তুলনামূলক কম থাকে। আর বৈদেশিক সাহায্য ব্যবহার করতে গেলে দুর্নীতি করা কঠিন হয়ে পড়ে।অর্থ বিভাগের শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগামীবারের জন্য বৈদেশিক সাহায্য ব্যবহারে ইতোমধ্যেই কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে। এডিপিতে বৈদেশিক সাহায্যের ব্যবহার করতে না পারলে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করা হবে না—এই মর্মে আগামী বাজেট ঘোষণার আগেই অর্থ বিভাগের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।অভিমত: যোগাযোগ করলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, আগামী বাজেটটি প্রণয়ন করা হচ্ছে ঠিক আইএমএফের চাওয়ামতে। অর্থমন্ত্রী নিজের মতো করে বাজেট করবেন, সেই স্বাধীনতা তাঁর নেই। অর্থাৎ এমন বাজেট তিনি করতে পারবেন না, যা আইএমএফ পছন্দ করবে না।আকবর আলি খান বলেন, বাজেট সামনে রেখে জিডিপি প্রবৃদ্ধির হার, ভর্তুকি, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতির বার্ষিক হার—সবই আইএমএফ নির্ধারণ করে দিয়েছে। আপাতত কিছু এদিক-সেদিক করে দেখালেও পরে অর্থমন্ত্রী আইএমএফের অঙ্কই ঠিক রাখবেন বলে তিনি মনে করেন।এডিপি বাস্তবায়ন বিষয়ে সাবেক উপদেষ্টা বলেন, অর্থ বিভাগ যে পরিপত্র জারি করেছে, তাতে এডিপি বাস্তবায়ন আরও কমতে পারে। তিনি বলেন, এখন তো সরকারি টাকায় হলেও প্রকল্প বাস্তবায়িত হয়, তখন কিছুই হবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ কর্মকর্তাদের পরিবর্তে নিচের পর্যায়ের কর্মকর্তাদের হাতে ন্যস্ত করার পরামর্শ দিয়ে সাবেক উপদেষ্টা বলেন, ‘দরকার প্রশাসনিক সংস্কার ও বিকেন্দ্রীয়করণ। আর বিদেশি সাহায্য ব্যবহার অত সহজ নয়। দাতা সংস্থা ও সরকার—উভয়েরই সম্মতি দরকার পড়ে। অথচ, সরকারি ফাইল ওঠানামা করতে করতেই সময় লেগে যায়।’