অর্থসংকটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহবিলের ৭৫ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রাখার নিয়ম থাকলেও সরকারি প্রতিষ্ঠানগুলো তা অনুসরণ করছে না। তারা চালাকি করে বরং অন্য কোথাও তা জমা রাখছে। আর, এদিকে অর্থসংকটে রয়েছে রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো।গতকাল বুধবার সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতির ওপর অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী এবং সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, প্রতিটি ব্যাংকই প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমানত সংগ্রহ করে তারা বিনিয়োগ করে। এটাই ব্যাংকগুলোর কাজ। তবে এমন নীতিমালা থাকা উচিত, যাতে তাদের অবস্থা কাহিল না হয়ে পড়ে। ঝুঁকি হ্রাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদি ঋণদানের পরিবর্তে স্বল্পমেয়াদির দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি হুকুম পালন করে। সার, জ্বালানি তেল ইত্যাদি আমদানির ব্যবস্থা করতে হয় এদের। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ইত্যাদি প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে নিয়মকানুন মানে না। এতে অনেক অসুবিধা হয়ে যায়। ব্যাংক খাতকে কঠোর নজরদারির মধ্যে রাখার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক ব্যবস্থা অন্য শিল্পের সঙ্গে গুলিয়ে দেখলে চলবে না। ব্যাংক তথা আর্থিক খাতে একচেটিয়া অবস্থা কাম্য নয়। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।চলতি অর্থবছর অর্থাৎ আগামী জুনের মধ্যেই বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্বতন্ত্র বেতন-কাঠামো করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। বিষয়টি এখন পর্যন্ত না হওয়ার জন্য নিজেকে দায়ী করে তিনি বলেন, ‘এ জন্য আমি নিজেকে দোষী মনে করি। তবে তিনটি প্রস্তাব পাওয়া গেছে। সব মিলিয়ে একটি করে তা চূড়ান্ত করা হবে।’অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে এটি হওয়ার ব্যাপারে বিরোধিতার কথা শোনা যায়—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘নাহ্, বিরোধিতার প্রশ্নই ওঠে না।’অর্থমন্ত্রী আরও বলেন, মামলার কারণে ব্যাংকগুলোর অনেক টাকা আটকে আছে। তাই অর্থঋণ আদালত আইন নমনীয় করা হবে। বেশি নমনীয় হওয়ার সমস্যাও আছে বলে স্বীকার করেন তিনি।ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি পরিচালনা পর্ষদের সরকারি সদস্যদেরও প্রশিক্ষণ নেওয়া দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বইয়ে যা-ই পড়ানো হোক না কেন, বাস্তবতার জ্ঞানটাও জরুরি। কারণ, বই ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করার কথা জানান অর্থমন্ত্রী।বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ১৯ শতাংশ বিধিবদ্ধ তারল্য জমা রাখতে হয় ব্যাংকগুলোকে, যার মধ্যে ছয় শতাংশ হলো বিধিবদ্ধ জমার হার (সিআরআর)। বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে সিআরআর কমানোর প্রস্তাব দেওয়া হয়।অর্থমন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিতান্তই মুদ্রানীতির সঙ্গে সম্পর্কিত এবং তা বাংলাদেশ ব্যাংকের বিষয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সার্বিক উন্নয়নে ১২টি পরামর্শসংবলিত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।আরেক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সব দেশে সরকারি কর্মকর্তাদের পেনশনের জন্য আলাদা তহবিল থাকলেও বাংলাদেশে তা ওইভাবে নেই। বাংলাদেশে বিষয়টি তিনি দেখতে চান। তবে তিনি মনে করেন, ২০২০-২১ সালের আগে তা হবে না।