অর্থসংস্থানই বড়চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থসংস্থানকেই প্রস্তাবিত বা জেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা অর্জনও অসম্ভব বলে মনে করে সংগঠনটি।
ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান বলেছেন, ‘বিদায়ী অর্থবছরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ পর্যন্ত মাত্র ৬৫ শতাংশ অর্জিত হয়েছে। বছর শেষে লক্ষ্যমাত্রার ৮০ থেকে ৮৫ শতাংশের বেশি অর্জিত হবে বলে মনে হয় না।’
সবুর খান বলেন, চলতি অর্থবছরে বৈদেশিক উৎস থেকে ১৮ হাজার ৫৮৪ কোটি টাকা নিয়ে বাজেট-ঘাটতি মেটানোর লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু প্রথম নয় মাসে এ উৎস থেকে মাত্র এক হাজার ৬৪৭ কোটি টাকা পাওয়া গেছে, যা লক্ষ্যমাত্রার মাত্র ৯ শতাংশ। আর বাকি তিন মাসে ১৭ হাজার ১৮৩ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কাজেই বৈদেশিক উৎস থেকে বাজেট-ঘাটতি অর্থায়নে ২১ হাজার ৬৮ কোটি টাকার সংস্থান করার লক্ষ্য অর্জন বাস্তবতার আলোকে খুবই ঝুঁকিপূর্ণ।

সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়াই জানিয়েছে ডিসিসিআই। গতকাল সোমবার মতিঝিলে ডিসিসিআইয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে ডিসিসিআইয়ের সহসভাপতি নেসার মাকসুদ খান, আবসার করিম চৌধুরীসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।

সবুর খান বলেন, প্রস্তাবিত বাজেটের ঘাটতি মোকাবিলায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তাতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চাইলে বাংলাদেশ বিমান, টেলিটকসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আয় বাড়ানোর মাধ্যমে ঘাটতি অর্থ সংগ্রহ করতে পারে।

ডিসিসিআইয়ের সভাপতি বলেন, জমি বেচাকেনায় যে দুর্নীতি হয়, তা বন্ধ করেও সরকার বাজেট-ঘাটতি মেটাতে পারে। প্রকৃত মূল্য দেখিয়ে জমি বেচাকেনা করা হলে সরকার বছরে ২৭ হাজার কোটি টাকার বেশি আয় করতে পারবে।

সবুর খান আরও বলেন, আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। কিন্তু নির্বাচনী বছর সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা, আমদানি-রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া, বেসরকারি বিনিয়োগ আশাব্যঞ্জক না হওয়া, বিদ্যুৎ ও জ্বালানির স্থায়ী সমাধান না হওয়াসহ কয়েকটি কারণে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

সবুর খান বলেন, ‘যেভাবে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে, তাতে জমির দাম বাড়বে। এতে নতুন উদ্যোক্তারা জমি কিনতে গিয়ে পুঁজি হারিয়ে ফেলবেন। কালোটাকা জমিতে বিনিয়োগের জন্য দেওয়া যেতে পারে, তবে তা হতে হবে শিল্পের জমি।’

নতুন উদ্যোক্তা তৈরিতে কালোটাকা বিনিয়োগ করার সুযোগ দেওয়ার জোরালো সুপারিশ করেছে ডিসিসিআই।

নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করাকে এবারের বাজেটের একটি নেতিবাচক দিক বলে মন্তব্য করেন ডিসিসিআইয়ের সভাপতি।