অর্থাভাবে ক্ষতিপূরণের পুরোটা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় আপাতত প্রাপ্য ক্ষতিপূরণের একটি অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘রানা প্লাজা অ্যারেঞ্জমেন্ট কো-অর্ডিনেশন কমিটি’। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ভবনধসে আহত শ্রমিক ও নিহত ৩৩২ জনের পরিবার ক্ষতিপূরণের প্রথম কিস্তি বাবদ ৪০ শতাংশ অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে বুঝে পাবে। বাকিরা আগামী অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পাবে।
গত ১৪ আগস্ট আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নেতৃত্বাধীন রানা কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে ক্ষতিপূরণ দেওয়ার এই ‘সময়সীমা’ চূড়ান্ত করা হয়। গত ঈদের আগে এই অর্থ দেওয়ার কথা থাকলেও দাবিনামায় কিছু জটিলতা থাকায় তা আবার যাচাই-বাছাইয়ের জন্য পিছিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে অ্যারেঞ্জমেন্ট কমিটির সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ জানান, প্রত্যেক নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিক গড়ে আট থেকে ২৫ লাখ টাকা পাবেন। তবে তা থেকে গত এপ্রিলে দেওয়া ৫০ হাজার টাকার থোক বরাদ্দ এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের অর্থ (যদি পেয়ে থাকে) বাদ যাবে।
ধরা যাক, নিহত এক শ্রমিকের ক্ষতিপূরণ ১৫ লাখ টাকা চূড়ান্ত হয়েছে। তাঁর পরিবারে আছেন তিনজন দাবিদার। ওই শ্রমিকের পরিবার আগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আড়াই লাখ এবং আন্তর্জাতিক তহবিল থেকে ৫০ হাজার টাকা পেয়েছে। তাহলে এই তিন লাখ টাকা বাদ দিয়ে ওই শ্রমিকের পরিবার পাবে ১২ লাখ টাকা। তবে দাবিদার তিনজন হওয়ায় প্রত্যেকে পাবেন চার লাখ টাকা করে। আর এই টাকার ৪০ শতাংশ হিসাবে এখন তাঁরা পাবেন এক লাখ ৬০ হাজার টাকা করে। তবে নিহত শ্রমিকের ওপর নির্ভরশীলতা অনুযায়ী তাঁর সন্তান, স্ত্রী, ভাই–বোন, বাবা–মায়ের দাবিকৃত অর্থের পরিমাণ কম–বেশি হবে।
সৈয়দ সুলতান বলেন, তহবিলে এখন পর্যন্ত যে পরিমাণ অর্থ আছে, তা দিয়ে আপাতত প্রত্যেক হতাহত ব্যক্তির দাবিদারকে ৪০ শতাংশের বেশি দেওয়া যাবে না। পরে তহবিলে অর্থ জমা হওয়া সাপেক্ষে ক্ষতিপূরণের বাকিটা দেওয়া হবে। অন্যথায় নয়। তবে ক্রেতাদের কাছ থেকে তহবিলে অর্থ আনার চেষ্টা চলছে।
ক্ষতিপূরণের জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে এক কোটি ৭৯ লাখ ডলার বা ১৪৩ কোটি টাকা। আর পুরো ক্ষতিপূরণের জন্য প্রয়োজন চার কোটি মার্কিন ডলার বা ৩২০ কোটি টাকা। তহবিলে নতুন করে অর্থ দিচ্ছেন না বিদেশি ক্রেতারা। ফলে ক্ষতিপূরণের বাকি ৬০ শতাংশ দেওয়া নিয়ে একধরনের অনিশ্চয়তা কাটছে না।
যদিও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০৫ কোটি টাকা অলস পড়ে আছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য এই টাকা তহবিলে দেন। জাতীয় সংসদে গত বছর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন ওই তহবিলে ১২৭ কোটি টাকা জমা পড়েছে। আর খরচ হয়েছে ২২ কোটি টাকা। অন্যদিকে বিজিএমইএও অর্থ দেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না।
আর এমনই প্রেক্ষাপটে আজ রোববার রানা প্লাজা ধসের ১৬ মাস পূর্তি হচ্ছে। গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জন পোশাকশ্রমিক নিহত হন। আহত হন কয়েক শতাধিক শ্রমিক।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্দশার মধ্যে আছে। তবে এখন অ্যারেঞ্জমেন্ট কমিটি, প্রধানমন্ত্রীর দপ্তর ও বিজিএমইএ সমন্বিত উদ্যোগ নিলে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ দিয়ে এই দুর্দশা লাঘব করা সম্ভব। কারণ, সব তহবিলের অর্থ যোগ করলে প্রয়োজনীয় অর্থের কাছাকাছি পাওয়া যাবে। এ ক্ষেত্রে হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হলে পুরো বিষয়টি দ্রুত সম্পন্ন এবং আইনি কাঠামোর মধ্যে আসবে বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক শ্রম সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন জানায়, রানা প্লাজার পাঁচ কারখানায় পোশাক তৈরি করাত এমন ক্রেতাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯। এর মধ্যে ১৬ প্রতিষ্ঠান তহবিলে অর্থও দেয়নি, কোনো প্রতিশ্রুতি দেয়নি। অবশ্য এ ক্ষেত্রে ব্যতিক্রম প্রাইমার্ক, ক্ষতিপূরণ বাবদ প্রতিষ্ঠানটি দিচ্ছে ৯০ লাখ ডলার। এই অর্থ দিয়ে রানা প্লাজায় থাকা নিউ ওয়েভ বটমসের সব শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়া হবে।
কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সম্প্রতি জার্মানি, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের সরকারকে সেসব দেশের ব্র্যান্ডগুলোকে তহবিলে অর্থ দিতে অনুরোধ জানানো হয়। তার আগে ব্রিটিশ বিভিন্ন ক্রেতাপ্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের জন্য অর্থ দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেয় ব্রিটিশ সরকার।
তবুও ক্রেতাদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। ২৮ জানুয়ারি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ গঠনের পর থেকে গত ৩০ মার্চ পর্যন্ত জমা পড়ে এক কোটি ৭০ লাখ ডলার। তারপর থেকে ৪ জুলাই পর্যন্ত তহবিলে নতুন করে জমা পড়ে মাত্র সাত লাখ ডলার। সর্বশেষ গত দেড় মাসে জমা হয়েছে মাত্র দুই লাখ ডলার।
ক্ষতিপূরণ পাচ্ছে ৩,২৯২ পরিবার: ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে গত মার্চে দাবিনামা বা ক্লেইম ফরম পূরণ শুরু করে কো-অর্ডিনেশন কমিটি।
সব মিলিয়ে এখন পর্যন্ত ধসে যাওয়া রানা প্লাজার চার কারখানার দুই হাজার ৮১২ জন হতাহতের পরিবারের চার হাজার ৯৪৫ জন সদস্যের দাবিনামা পূরণ সম্পন্ন হয়েছে। দুই হাজার ৮১২ জনের মধ্যে নিহত ৬৮১, নিখোঁজ ১৪১ ও আহত এক হাজার ৯৯০ জন। আরেক নিউ ওয়েভ বটমসে ৫৮১ জন শ্রমিকের ক্ষতিপূরণের টাকা নিজস্ব ব্যবস্থাপনায় দেবে আয়ারল্যান্ডভিত্তিক খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠান প্রাইমার্ক। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাচ্ছে তিন হাজার ২৯২ জন নিহত ব্যক্তির পরিবার ও আহত শ্রমিক।
এ বিষয়ে সৈয়দ সুলতানবলেন, আহতদের সবাই ক্ষতিপূরণ পাবেন না। কারণ, অনেকেই আহত হয়েছেন খুবই সামান্য। সব মিলিয়ে দুই হাজারের মতো শ্রমিক ক্ষতিপূরণ পাবেন।প্রথম দফায়
ক্ষতিপূরণের ৪০%অর্থ দেওয়া হচ্ছে
তহবিলে অর্থ না থাকায় বাকি ৬০% অনিশ্চিত
ক্রেতারা অর্থ দিচ্ছে না
গত দেড় মাসে জমা পড়েছে মাত্র দুই লাখ ডলার
অলস তহবিল
প্রধানমন্ত্রীর ত্রাণ তহিবলে জমা ১২৭ কোটির মধ্যে খরচ মাত্র ২২ কোটি টাকা