অর্থায়নই বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে অর্থায়নই বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। দাতাদের কাছ থেকে আলাদা কোনো প্রতিশ্রুতি না থাকায় অভ্যন্তরীণ খাত থেকেই অর্থ সংগ্রহে বেশি জোর দিতে হবে। সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। রাজস্ব আহরণ বৃদ্ধি; টাকা পাচার বন্ধ করা; বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি; বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা; পাইপলাইনে থাকা বিদেশি সহায়তা ব্যবহার করে এসডিজি বাস্তবায়নে টাকার জোগান দেওয়া সম্ভব হবে।
গতকাল শনিবার এসডিজি বাস্তবায়ন নিয়ে এক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের উপস্থাপিত মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংগঠন সাউদার্ন ভয়েস ও ফ্রেডরিক এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশ শাখা এ সংলাপ আয়োজনে সহায়তা করেছে।
এসডিজির উচ্চাভিলাষী লক্ষ্যগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি অংশীদারত্ব নিশ্চিত করতে শিগগিরই নাগরিক ফোরাম গঠন করবে সিপিডি। এসডিজি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়েছে সিপিডি। পুরো বিষয়টি তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের সুপারিশ করেছে সিপিডি।
সংলাপের সভাপতি বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেন, দারিদ্র্য বিমোচন সহজ কাজ নয়, তাই একে হালকাভাবে দেখলে হবে না। তিনি এসডিজি-সংক্রান্ত বিষয়গুলো মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। তাঁর মতে, এতে শিক্ষার্থীরা এসডিজি সম্পর্কে জানতে পারবে। একধরনের পর্যবেক্ষণও তৈরি হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সপ্তম পঞ্চম বার্ষিক পরিকল্পনায় এসডিজির অনেক বিষয় আসেনি। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। এসডিজি অর্জনে আমাদের কয়েকটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। পরবর্তী এসডিজিতে বাকি ইস্যুগুলো অন্তর্ভুক্ত করা হবে।’
এসডিজি বাস্তবায়নে সম্পদ সংগ্রহের উপায়ও বলে দিয়েছে সিপিডি। সিপিডি বলছে, বর্তমানে কর-মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ১২ দশমিক ১ শতাংশ। এ হার ১৮ শতাংশে উন্নীত করতে হবে। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২ দশমিক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮-২৯ শতাংশে উন্নীত করতে হবে। এ ছাড়া প্রতিবছর গড়ে জিডিপির ১ দশমিক ২ শতাংশ টাকা পাচার হয়, যা বন্ধ করতে হবে। পাইপলাইনে পড়ে থাকা ১৫-২০ বিলিয়ন ডলারের ব্যবহার নিশ্চিত করতে হবে। আর বিদেশি বিনিয়োগ হতে হবে জিডিপির ৩-৪ শতাংশ, বর্তমানে রয়েছে দশমিক ৯ শতাংশ।
সিপিডি মনে করে, এসডিজির ১৬টি লক্ষ্যের মধ্যে বৈষম্য দূর করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বেশি জোর দিতে হবে। সিপিডির মতে, বাংলাদেশের যেসব উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তাতে এসডিজির লক্ষ্যের সূচকগুলোর মধ্যে প্রায় ২১ শতাংশ নেই। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, পরিকল্পনার সঙ্গে এসব লক্ষ্যের সম্পৃক্ততা কম থাকে। এ ছাড়া এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে তথ্য-উপাত্তের অপর্যাপ্ততা, অংশীদারদের কম সম্পৃক্ততা, দুর্বল পর্যবেক্ষণ ও জবাবদিহিও রয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এসডিজির মতো এত বড় পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব এখন কম প্রস্তুত। বিশ্ব অর্থনীতিতে মন্দা যাচ্ছে। চীন ও ভারতের অর্থনীতি ভালো নয়। দেশে দেশে নানা ধরনের সংঘাত চলছে। শরণার্থী সংকটও রয়েছে। এ ছাড়া ইবোলার মতো রোগও ছড়িয়েছে। এমন অবস্থায় এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও নেতৃত্ব দরকার। আমরা সরকারকে সহায়তা করব।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এসডিজিতে লক্ষ্য প্রাধান্য দিতে হবে। সব কটি একসঙ্গে পারা যাবে না। অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্যগুলো অর্জন করতে সময় বেঁধে দিতে হবে। তাঁর মতে, দেশে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই সরকারি-বেসরকারি অংশীদারত্বে বাস্তবায়ন ও মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।
এসডিজি কীভাবে বাস্তবায়িত হবে, সেটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস। তাঁর মতে, এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের পুনর্বিন্যাস ও অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণে জোর দিতে হবে।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, এসডিজি বাস্তবায়নে ভূরাজনৈতিক বিষয়টিও মাথায় রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সাংসদ সাবের হোসেন চৌধুরী, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সলিমুল হক, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর খাইরুল ইসলাম প্রমুখ।