অর্থায়নের জটিলতায় আছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জমানো ৫০ হাজার টাকা নিয়ে ২০০৪ সালে সিলেটে বুটিক পোশাকের একটি শোরুম করেছিলেন স্বর্ণলতা রায়। যাত্রা শুরু করেছিলেন মাত্র দুজন কর্মী নিয়ে। সিলেটে এখন তাঁর শোরুম দুটি, কাজ করছেন ৬০ জন কর্মী।স্বর্ণলতা রায়ের উঠে আসার গল্পটা আপাতদৃষ্টিতে মসৃণ মনে হলেও নানা প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে তাঁকে। অথচ তাঁর পরিবার এলাকায় পরিচিত হওয়ার পরও ব্যাংক তাঁকে ঋণ দিতে চায়নি। ব্যাংক বলেছিল, নারীদের ঋণ দিলে তা ঠিকমতো ফেরত পাওয়া যায় না। তাই তাঁর স্বামী নিজের নামে ঋণ নিয়ে তাঁকে দেয়।দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের প্রায় সবাই ঋণ নেওয়ার ক্ষেত্রে এমন জটিলতায় পড়েন। দেশের বিভিন্ন স্থানের ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে দেখা গেছে, উদ্যোক্তারা যে নিজেদের প্রতিভা কাজে না লাগাতে পারছেন না, তার বড় কারণ পুঁজির অভাব। একদিকে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না, অন্যদিকে ঋণের সুদের হার অনেক বেশি। তাই অনেক উদ্যোক্তাই শেষ পর্যন্ত নিরুৎসাহী হয়ে যান।নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার জটিলতা আরও বেশি। ব্যাংকে ঋণের আবেদন করলেই তাঁদের দেখাতে হয় বন্ধকি সম্পদের দলিলপত্র। অনেক ক্ষেত্রে চাওয়া হয় জামানত ও গ্যারান্টি। যদিও ঢাকার নারী উদ্যোক্তাদের তুলনামূলক কম ঝামেলা পোহাতে হয়।ঋণপ্রাপ্তিই যে এসএমই উদ্যোক্তাদের প্রধান সমস্যা, সেটি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াও স্বীকার করেছেন। গত মঙ্গলবার রাজধানীতে এসএমই মেলা উদ্বোধনকালে তিনি বলেন, ‘উচ্চসুদের কারণে অনেক এসএমই উদ্যোক্তা ঋণ নিতে সাহস পায় না। এর সঙ্গে আছে বন্ধকির ঝামেলা। ফলে অনেক শিল্পোদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হয়।’ঋণই বড় সমস্যা: শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের ১০ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ঘূর্ণায়মান তহবিল গঠন করা হয়েছে। ২০টি ব্যাংক ও ২০টি আর্থিক প্রতিষ্ঠান এই তহবিলের আওতায় এক হাজার ৯২৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের বন্ধকবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে। তাঁরা সাত থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত বন্ধকবিহীন ঋণসুবিধা পাচ্ছেন।তবে মাঠপর্যায়ের চিত্র অনেকটাই ভিন্ন। ঢাকায় তিন দিন ধরে অনুষ্ঠিত হয় এসএমই মেলা। মেলায় ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তার সঙ্গে আলাপ করে এ রকমটাই জানা গেছে।দিনাজপুরের খামার কাচাই টার্মিনাল রোডে ‘সিন্ধুদ্বীপ’ নামে কাপড়ের শোরুম আছে ববিতা রানী সরকারের। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে গেছি ঋণ নিতে। কিন্তু তারা জামানত চায়, গ্যারান্টি চায়। আমার কোনো সম্পদও নাই, গ্যারান্টিও নাই। আমি কীভাবে ঋণ নেব? তাই পরে যেসব সংস্থা গ্যারান্টি ছাড়া ঋণ দেয়, তাদের কাছ থেকে অল্প অল্প ঋণ নিসি।’রাজশাহীর অলকার মোড়ে ‘বি ফাইবার’ নামে বিভিন্ন ধরনের পাটপণ্যের সম্ভার গড়ে তুলেছেন উম্মে হাজ সিদ্দিকী। প্রথম আলোকে তিনি বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেছি, পাইনি। ব্যাংক চায় কোনো কিছু বন্ধক রাখতে। কিন্তু বাবা-মা বা স্বামীর জমি-বাড়ি কি আমাদের নামে বন্ধক রাখতে দেবে?’ তিনি বলেন, ‘১০ শতাংশ হারে সুদ দিতে আমি রাজি আছি। কিন্তু বন্ধক দিয়ে ঋণ নেওয়া সম্ভব না। এটা তুলে দিলে মহিলা উদ্যোক্তারা আরও এগিয়ে যেতে পারবে।’২৮ বছর আগে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে নকশি কাঁথার তৈরির ব্যবসা শুরু করেন তাহরিমা বেগম। এখন নগরের ইসলামপুরে ‘নূর নকশি মহিলা জাগরণ’ নামে দোকান খুলেছেন। তাহরিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘চাহিদা অনুযায়ী আমরা ঋণ পাই না। তাই নকশি কাঁথার ভালো চাহিদা থাকার পরও আমি ঢাকায় শোরুম খুলতে পারছি না।’রংপুরের পীরগাছার মোংলা কুটি মধ্যপাড়ায় ১৯৯৩ সাল থেকে নানা ধরনের শতরঞ্জি তৈরি করেন আনোয়ার হোসেন। সে এলাকায় ‘বিউটি শতরঞ্জি কারখানা’ নামে দোকানও আছে তাঁর। তিনিও জানান যে এই পণ্যের চাহিদা থাকার পরও টাকার অভাবে ঢাকায় শোরুম করতে পারছেন না।রাঙামাটির উদ্যোক্তা মল্লিকা চাকমা বলেন, ‘ব্যাংক সহজে আমাদের ঋণ দিতে চায় না। যদি দেয়ও তাহলে আমাদের জায়গাজমির দলিল দেখাতে হয়। আমাদের সবার তো আর দলিল নেই।’ঢাকার কলাবাগানে হুর ক্র্যাফসটের স্বত্বাধিকারী শামসুন নাহার বলেন, ‘ঋণ নেওয়ার সময় ব্যাংকগুলো ব্যাংক অ্যাকাউন্ট দেখতে চায়। কিন্তু সবার তো মোটা অঙ্কের ব্যাংক-ব্যালেন্স নেই। আবার দুজন গ্যারান্টার চায় ব্যাংকগুলো। স্বামীকে আমি গ্যারান্টার করতে পারি। কিন্তু আরেকজন পাওয়া যায় না।’বর্তমানে নারী উদ্যোক্তাদের ঋণের সুদের হার ১০ শতাংশ। আর পুরুষ উদ্যোক্তাদের সুদ দিতে হয় ১৭ থেকে ১৮ শতাংশ পর্যন্ত। ঋণের সুদের হারকে অনেক বেশি মানছেন উদ্যোক্তারা। ঋণের সুদের হার কমানোর দাবি নারী-পুরুষ উভয় উদ্যোক্তাদের।স্থানভেদে ঋণের পরিমাণে পার্থক্য দেখা যায় বলেও অভিযোগ করেন ক্ষুদ্র উদ্যোক্তারা। চাঁপাইনবাবগঞ্জের তাহরিমা বেগম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে পাঁচ লাখ টাকার বেশি ঋণ দেওয়া হয় না। অথচ আমাদের মতো নকশি কাঁথার যেসব উদ্যোক্তা ঢাকায় আছেন, তাঁদের অনেকেই ৭০ থেকে ৮০ লাখ টাকাও ঋণ পেয়েছেন।’উদ্যোক্তাদের সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ‘ক্রেডিট হোলসেলিং’ নামে একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় উদ্যোক্তাদের নয় শতাংশ সুদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণসুবিধা দেওয়া হচ্ছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মাইডাস ফিন্যান্সিং ও শক্তি ফাউন্ডেশনের (মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন) মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু তৃতীয় পক্ষ হয়ে ঋণ নেওয়ার এই উদ্যোগের পরিবর্তন চান অনেক উদ্যোক্তা। যোগাযোগ করা হলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির প্রথম আলোকে বলেন, ‘ঢাকার বাইরের এসএমই উদ্যোক্তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে বন্ধক, জামানতসহ নানা সমস্যার মুখে পড়তে হয়। এগুলো দূর করতে দেশের সাতটি বিভাগীয় শহরে ব্যাংকার-উদ্যোক্তা মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি বরিশাল থেকে এই সম্মেলন শুরু হচ্ছে। এতে ঋণ নেওয়ার জটিলতা অনেক কমে যাবে।’ রেজওয়ানুল কবির আরও বলেন, তৃতীয় পক্ষ না হয়ে সরাসরি উদ্যোক্তাদের এসএমই ঋণ দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে একটি প্রস্তাব তৈরির জন্য ইতিমধ্যে কাজ চলছে।