বাজেটে রাষ্ট্রচরিত্রের প্রতিফলন বিষয়ক সেমিনারে অর্থনীতিবিদ মইনুল ইসলাম
অর্থায়নের বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই বাজেটে
বাজেট উচ্চাভিলাষী হওয়াটা দোষের নয়, কিন্তু এই উচ্চাভিলাষ যদি বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে অর্থমন্ত্রী মহোদয় হাসির খোরাক হয়ে যেতে পারেন। ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটে গতবারের তুলনায় ৭৬ হাজার ৪০ কোটি টাকা বেশি ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এটি কীভাবে অর্থায়ন করা যাবে, তার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই। ‘বাংলাদেশের বাজেটে রাষ্ট্রচরিত্রের প্রতিফলন’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের জামালখানে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ব্যাংকার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। সভাপতিত্ব করেন চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের সভাপতি শাকিল মাহমুদ।
দেশের গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন মইনুল ইসলাম। তিনি বলেন, ‘এর জন্য একদিন প্রধানমন্ত্রীকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
মইনুল ইসলাম বলেন, সরকারের বাজেট শুধুই আয়-ব্যয়ের খতিয়ান নয়, এতে একটি দেশের রাষ্ট্রচরিত্রের প্রতিফলন ঘটে। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে আড়াই শতাংশ বরাদ্দ ধরা হয়েছে। এটি গত বছরের তুলনায় বেশি। কিন্তু এরপরও এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে শুধু গলাবাজি না করে এই খাতে ধাপে ধাপে বরাদ্দ বাড়াতে হবে। এ ছাড়া এবার স্বাস্থ্য খাতে ১ শতাংশের কম বরাদ্দ ধরা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।
সরকারের উন্নয়ন ব্যয় এখনো লুটপাতের লোভনীয় আখড়া হিসেবে বহাল রয়েছে বলে মন্তব্য করেন মইনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রকল্প সাহায্যের অর্থের বেশির ভাগই লুট হয়। আমার বিশ্বাস, দেশে এখন এক পয়সা প্রকল্প সাহায্য না নিলেও কিছু যায় আসে না। পদ্মা সেতু এর বড় উদাহরণ।’ তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির হার বর্তমান অর্থবছরে ৭ শতাংশে পৌঁছাবে না।
অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কয়েকটি খাতে এগিয়েছে। দেশে খাদ্য ঘাটতি নেই, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা কমেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় বেড়েছে, রেমিট্যান্স বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা ও লুটপাট কমাতে পারলে অদূর ভবিষ্যতে এ দেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৮ শতাংশে বাড়ানো সম্ভব হবে।