অর্ধেক করদাতা ই-টিআইএন নেননি
রাজধানীর উত্তরা এলাকায় থাকেন মনির উদ্দিন তালুকদার। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। কিন্তু এখনো ই-টিআইএন নেননি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ই-টিআইএন না নিলে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন না। অন্যদিকে তাঁর ঠিকাদারি লাইসেন্সও নবায়ন করতে পারবেন না, যা আগামী ডিসেম্বর মাসে শেষ হবে।
মনির উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, জুন-জুলাই মাসে ঠিকাদারি কাজের চাপ থাকে। তাই এই সময়ে ই-টিআইএন নিতে পারেননি। এখন কাজের চাপ কম। আগামী কয়েক দিনের মধ্যেই ই-টিআইএন নেবেন।
মনির উদ্দিনের মতো প্রায় অর্ধেক পুরোনো কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ইলেকট্রনিক টিআইএন (ই-টিআইএন) নেননি। তবে যাঁরা ই-টিআইএন নেবেন না, তাঁরা বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, প্রায় আট লাখ টিআইএনধারী এখনো ই-টিআইএন নেননি।
বাংলাদেশে ১৮ লাখ টিআইএনধারী রয়েছেন। গত জুন মাস পর্যন্ত মাত্র নয় লাখ ৯৮ হাজার পুরোনো টিআইএনধারী নতুন করে ই-টিআইএন নিয়েছেন।
উল্লেখ্য, পুরোনো পদ্ধতিতে নেওয়া সব টিআইএনধারীকে নতুন পদ্ধতিতে বাধ্যতামূলক ই-টিআইএন নিতে হবে।
এমন অবস্থায় কয়েক দফা সময় বাড়ানোর পর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ই-টিআইএন নেওয়ার সময় বাড়ানো হয়েছে।
আয়কর বিবরণী জমা না দিলে কর কর্মকর্তারা প্রথমে ওই টিআইএনধারীকে কারণ দর্শাও নোটিশ জারি করবেন। এর পরও জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে জরিমানা করার বিধান রয়েছে আয়কর অধ্যাদেশে। তবে মূল সমস্যা হলো- অনেক টিআইএনধারী কোনো একটি বিশেষ প্রয়োজনে টিআইএন নিলেও তা পরে আর ব্যবহার করেননি। এমন টিআইএনধারীরা ঠিকানা বদলে ফেলেন কিংবা ভুয়া ঠিকানা ব্যবহার করেন। ফলে নোটিশ পাঠালেও সেই নোটিশের জবাব মেলে না।
সম্প্রতি এনবিআর সিদ্ধান্ত নিয়েছে, ই-টিআইএন ছাড়া বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া ছাড়াও ২৫টি সেবা পাবেন না ওই করদাতা। যেসব সেবা মিলবে না সেগুলোর মধ্যে অন্যতম হলো- গাড়ির নিবন্ধন ও নবায়ন, বাণিজ্যিক বিদ্যুৎ, পানি, গ্যাসের সংযোগ, ঠিকাদারি লাইসেন্স প্রদান ও নবায়ন ও ব্যাংক সুদের হারের ছাড়। ইতিমধ্যে এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানগুলোতে এনবিআরের নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, নতুন করদাতা হিসেবে দুই লাখ ৮৭ হাজার ব্যক্তি ই-টিআইএন নিয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৮৫ হাজার ই-টিআইএন দিয়েছে এনবিআর।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কোনোভাবেই সেপ্টেম্বর মাসের পর ই-টিআইএন নেওয়ার সময় বাড়ানো হবে না। ই-টিআইএন থাকলে এনবিআরের পাশাপাশি অন্য সেবা সংস্থাগুলোর সেবা পাওয়া আগের চেয়ে অনেক সহজ হবে। যাঁরা ই-টিআইএন নিচ্ছেন, তাঁদের সব তথ্য নিয়ে একটি তথ্য সম্ভার গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে সরকারি অন্য বিভাগগুলোও এই তথ্যভান্ডার ব্যবহার করতে পারবে।
গত অর্থবছরের শুরুতে অর্থাৎ ২০১৩ সালের জুলাই মাস থেকে ই-টিআইএন দেওয়ার কার্যক্রম শুরু করে এনবিআর। প্রথমদিকে করদাতাদের উৎসাহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা করেছিল এনবিআর। এর ফলে করদাতাদের মধ্যে ই-টিআইএন নেওয়ার উৎসাহ ও প্রবণতা বাড়ে। এমনকি অর্থের বিনিময়ে ই-টিআইএন করে দেওয়ার মৌসুমি ব্যবসা খুলে বসেছিল পাড়া-মহল্লার দোকানিরা। কিন্তু বিগত ছয় মাস ধরে এনবিআরের সেই প্রচার-প্রচারণাও প্রায় বন্ধ রয়েছে।
এদিকে ই-টিআইএন নিতে গিয়ে জটিলতা এখনো কাটেনি। অনেকে ভুল করছেন। আবার অনেকে নিজে ই-টিআইএন নিতে পারছেন না। এনবিআর সূত্রে জানা গেছে, ই-টিআইএন নিতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। এই অভিযোগ এনবিআরের ওয়েবসাইটে করার পাশাপাশি ওই করদাতার সংশ্লিষ্ট কর অঞ্চলে করার সুযোগ রয়েছে। পুরোনো টিআইএনধারীদের ১০ অংকবিশিষ্ট টিআইএন রয়েছে। পুনর্নিবন্ধনের পর নতুন ১২ অংকবিশিষ্ট টিআইএন ক্রম বা নম্বর পাবেন ওই করদাতা।