অর্ধেক করদাতা এখনো ই-টিআইএন নেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র অর্ধেক কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএনধারী) ইলেকট্রনিক টিআইএন (ই-টিআইএন) নিয়েছেন। পুরোনো টিআইএনের বদলে তাঁরা পুনর্নিবন্ধন নিয়েছেন। এক দফা তিন মাস সময় বাড়ানোর পর ই-টিআইএন নেওয়ায় তেমন সাড়া নেই। অনেকটা ঝিমিয়ে পড়েছে ই-টিআইএন কার্যক্রম। এমন অবস্থায় ৩১ মার্চ ই-টিআইএন নেওয়ার সময় শেষ হচ্ছে।
গত সপ্তাহ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবমতে, পুরোনো টিআইএনধারীদের মধ্যে মাত্র আট লাখ ৮৯ হাজার পুনর্নিবন্ধন নিয়েছেন। অকার্যকর টিআইএন স্থগিত করার পর বর্তমানে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন। উল্লেখ্য, পুরোনো পদ্ধতিতে নেওয়া সব টিআইএনধারীকে নতুন পদ্ধতিতে বাধ্যতামূলক ই-টিআইএন নিতে হবে।
অন্যদিকে নতুন করদাতা হিসেবে দুই লাখ ৩৯ হাজার ব্যক্তি ই-টিআইএন নিয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ১১ লাখ ২৮ হাজার ই-টিআইএন দিয়েছে এনবিআর।
এদিকে সাড়া না পাওয়ায় আবারও তিন মাস সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। ৩১ মার্চ সময় বাড়ানোর ঘোষণা আসতে পারে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাস সময় দিয়ে ই-টিআইএন নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল এনবিআর। কিন্তু সাড়া না পাওয়ায় এবং প্রক্রিয়াগত জটিলতার কারণে পরে আরও তিন মাস সময় বাড়ানো হয়। কিন্তু তাতেও যথেষ্ট সাড়া মেলেনি।
গত তিন মাসে মাত্র দুই লাখ ১০ হাজার ই-টিআইএন নিয়েছেন করদাতারা। এর মধ্যে প্রায় দুই লাখের মতো পুরোনো টিআইএনধারী পুনর্নিবন্ধন করেছেন। আর প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সব মিলিয়ে নয় লাখ ১৮ হাজার ই-টিআইএন ইস্যু করেছিল এনবিআর।
অর্থবছরের শুরু থেকেই ই-টিআইএন নিতে করদাতাদের উৎসাহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা করেছিল এনবিআর। করদাতাদের মধ্যে ই-টিআইএন নেওয়ার উৎসাহ ও প্রবণতা বাড়ে। এমনকি অর্থের বিনিময়ে ই-টিআইএন করে দেওয়ার মৌসুমি ব্যবসা খুলে বসেছেন পাড়া-মহল্লার দোকানিরা।
কিন্তু ৩১ ডিসেম্বর বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার বর্ধিত সময়সীমা শেষ হওয়ার পর সেই প্রচার-প্রচারণাও প্রায় বন্ধ হয়ে যায়। ফলে গত তিন মাসে ই-টিআইএন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। করদাতাদের মধ্যে তেমন একটা উৎসাহও নেই।
এদিকে ই-টিআইএন নিতে গিয়ে জটিলতা এখনো কাটেনি। অনেকে ভুল করছেন। আবার অনেকে নিজে ই-টিআইএন নিতে পারছেন না।