অর্ধেক করদাতা এখনো ইটিআইএন নেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নিবন্ধিত অর্ধেক কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ইলেকট্রনিক টিআইএন নিয়েছেন। গতকাল সোমবার পর্যন্ত নয় লাখ ১৮ হাজার টিআইএনধারী এই ধরনের টিআইএন নিয়েছেন।
তবে এখনো প্রায় আট লাখের বেশি করদাতা ইটিআইএন গ্রহণ করেননি।
এমন অবস্থায় ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে অনলাইনে ইটিআইএন নেওয়ার সময়। অকার্যকর টিআইএন স্থগিত করার পর বর্তমানে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন। উল্লেখ্য, পুরোনো পদ্ধতিতে নেওয়া সব টিআইএনধারীকে নতুন পদ্ধতিতে বাধ্যতামূলক ইটিআইএন নিতে হবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে ইটিআইএন নিতে গিয়ে জটিলতা এখনো কাটেনি। অনেকে ভুল করছেন। আবার অনেকে নিজে ইটিআইএন নিতে পারছেন না। ফলে অর্থের বিনিময়ে ইটিআইএন করে দেওয়ার মৌসুমি ব্যবসা খুলে বসেছে পাড়া-মহল্লার দোকানিরা।
এনবিআর সূত্রে জানা গেছে, ইটিআইএন নিতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। ইটিআইএনের ওয়েবসাইটে গিয়ে যারা অভিযোগ করেছেন, এমন প্রায় তিন হাজার অভিযোগ নিষ্পত্তি করেছে এনবিআর। এখনো প্রতিদিন গড়ে চার-পাঁচটি অভিযোগ আসছে বলে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, অধিকাংশ অভিযোগ হলো-ভুল করে পুনর্নিবন্ধনের বদলে নতুন টিআইএন নেওয়া হয়ে গেছে। অনেকে ভুল তথ্য দিয়েছেন, এখন সংশোধন করতে চান। অনেক অভিযোগ এসেছে, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের সামঞ্জস্য না থাকায় আবেদন গ্রহণ করা হচ্ছে না।
গত ইটিআইএন নেওয়ার জন্য আগামী ১ জুলাই থেকে ছয় মাসের সময় দেওয়া হয়েছিল। পুরোনো টিআইএনধারীদের ১০ অঙ্কবিশিষ্ট টিআইএন রয়েছে।
পুনর্নিবন্ধনের পর নতুন ১২ অঙ্কবিশিষ্ট টিআইএন ক্রম পেয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনলাইনে নতুন টিআইএন নিলে ১২ অঙ্কবিশিষ্ট ক্রম আসবে।
উল্লেখ্য, অনলাইনে টিআইএন নিতে হলে ইচ্ছুকদের www.incometax.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।