অর্ধেক টিআইএনধারী বিবরণী জমা দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি করবর্ষে (২০১৩-১৪) কর শনাক্ত নম্বরধারীদের (টিআইএন) ৫০ শতাংশও বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেননি। তিন দফা সময় বাড়ানোর পরও আয়কর বিবরণী জমা দেওয়ায় উৎসাহ দেখাননি।
বর্তমানে সাড়ে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন। আর চলতি করবর্ষে মাত্র আট লাখ ৪০ হাজার টিআইএনধারী বিবরণী জমা দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে চলতি করবর্ষে ৩০ হাজার টিআইএনধারী সময় বাড়ানোর আবেদন করেছেন।
আয়কর আইন অনুযায়ী, টিআইএনধারীদের প্রতিবছর আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।
সাধারণত প্রতিবছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়। তবে প্রতিবছরই এই সময় বাড়ানো হয়। এ বছর কাঙ্ক্ষিত বিবরণী জমা না পড়ায় স্মরণকালের সবচেয়ে বেশি ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এর আগে কখনোই এত সময় দেওয়া হয়নি।
এর আগে গত সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে তিন লাখ করদাতা আয়কর বিবরণী জমা দেন। পরে এক মাস সময় বাড়ানো হয়। গত অক্টোবর মাস পর্যন্ত ছয় লাখ বিবরণী জমা পড়ে। পরে আরও এক দফা সময় বাড়ানো হলে ১ ডিসেম্বর পর্যন্ত সাড়ে সাত লাখ বিবরণী জমা পড়ে। কিন্তু প্রত্যাশিত বিবরণী জমা না পড়ায় সময় আবার বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। দেখা যাচ্ছে, তিন দফা সময় বাড়ানোর পরও সাড়ে আট লাখ রিটার্ন জমা পড়েনি।
বিশেষ লক্ষণীয় হলো, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে মাত্র আড়াই লাখ বিবরণী জমা পড়ে। এই দুই মাসে কার্যত অফিস-আদালতে কাজ হয়নি। করদাতারাও আতঙ্কে বিবরণী জমার আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করতে পারেননি। এনবিআরের কর্মকর্তারা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে গতবারের মতো এবার বিবরণী জমা পড়েনি।
উল্লেখ্য, গত করবর্ষে (২০১২-১৩) সাড়ে ১১ লাখ করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। তবে এনবিআরের অনেক কর্মকর্তা দাবি করেছেন, গতবার বাস্তবে এত বিবরণী জমা পড়েনি।
প্রতিবছর সময় বাড়ানো একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। মূলত ব্যবসায়ীদের দাবির কারণে সময় বাড়ানো হয়। অভিযোগ রয়েছে, প্রতিবছর বিবরণী জমার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর। সেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে সময় বাড়ানোর জন্য সুপারিশ করানো হয়।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, টিআইএন থাকলেই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তা সময়মতো জমা না দিলে জরিমানা করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার সর্বশেষ কর নির্ধারণের আরোপিত করের ১০ শতাংশ পর্যন্ত এককালীন জরিমানা করতে পারেন। তবে এককালীন জরিমানার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা। এ ছাড়া আয়কর বিবরণী দাখিলের নির্ধারিত সময় শেষ হওয়ার পর পরবর্তী প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানা করার বিধান রয়েছে।