অর্ধেকের বেশি আমানত খেয়ে ফেলেছে লন্ডনের সোনালী ব্যাংক
পরিশোধিত মূলধন দিয়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সম্ভব নয়, এ কারণে মূল সোনালী ব্যাংক থেকে আমানত নেয় সোনালী ব্যাংক ইউকে। ব্যাংকটির ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মূল ব্যাংক থেকে নেওয়া আমানত ছিল ১৫ কোটি পাউন্ড (প্রায় দেড় হাজার কোটি টাকা)। তবে বর্তমানে সোনালী ব্যাংক ইউকের কাছে আমানত রয়েছে মাত্র সাড়ে ৬ কোটি ৬৩ লাখ পাউন্ড (প্রায় ৬৬৩ কোটি টাকা)। অর্থাৎ মূল ব্যাংক থেকে নেওয়া আমানতের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে সোনালী ব্যাংক ইউকে।
শুধু আমানত শেষ নয়, ব্যাংকটির কার্যক্রমের পদে পদে হয়েছে দুর্নীতিও। বন্ধ হয়ে গেছে শাখা। ৫৫ লাখ পাউন্ড জরিমানা আরোপ করেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। এরপর আবারও নতুন করে ৩৫০ কোটি টাকা মূলধন জোগান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ও সোনালী ব্যাংক।
এসব বিষয়ে তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সদস্যের প্রতিনিধিদল যুক্তরাজ্য যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতিনিধিদলটি ব্যাংকটির ব্রাডফোর্ড, বার্মিংহাম, লন্ডনের প্রধান শাখা, কেমডেন শাখা, প্রধান নির্বাহীর কার্যালয় পরিদর্শন করবে। পাশাপাশি ৯ ও ১২ ডিসেম্বর দলটি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ) ও প্রুডেনশিয়াল রেগুলেটরি অথোরিটির (পিআরএ) সঙ্গেও এ নিয়ে আলোচনা করবে।
এসব বিষয়ে সোনালী ব্যাংক ইউকের প্রধান নির্বাহী সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিশোধিত মূলধন আছে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ড। এই অর্থ দিয়ে দৈনন্দিন ব্যবসা চালানো সম্ভব হয় না। এ কারণে সোনালী ব্যাংক থেকে আমানত হিসাবে ৮৫ মিলিয়ন ডলার (৬ কোটি ৬৩ লাখ পাউন্ড) নেওয়া হয়েছে।
আমানত কমে গেল কেন, এ প্রশ্নের জবাবে সারওয়ার হোসেন গতকাল জানান, এর জবাব ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা ভালো দিতে পারবেন। তিনি চলতি মাসে যুক্তরাজ্যের বাইরে রয়েছেন। তিনি আরও বলেন, ২০১০-১৪ সালে রেমিট্যান্স পাঠানো এবং রিটেইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের তথ্য সংগ্রহ এবং হালনাগাদ তথ্য সংরক্ষণের ব্যাপারে ঘাটতি ছিল। এ কারণেই মূলত ৫৫ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।
প্রবাসীদের সেবা দিতে ও ঋণপত্রের নিশ্চয়তা প্রদানের জন্য ২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে সোনালী ব্যাংক। এতে শেয়ার সরকারের ৫১ ও সোনালী ব্যাংকের ৪৯ শতাংশ। ২০১৩ সালের ২ জুন সোনালী ব্যাংক ইউকের ওল্ডহ্যাম শাখা থেকে ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২ কোটি টাকা) হাতিয়ে নেওয়া হয়। এ শাখার সাবেক ব্যবস্থাপক ইকবাল আহমেদ ব্যাংকের ভল্ট ও গ্রাহকের হিসাব থেকে অর্থ হাতিয়ে নিলে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর বন্ধ হয়ে যায় শাখাটি।
ওল্ডহ্যাম শাখা বন্ধের পর গত ৩০ জুন লুটন শাখা ও ৩০ সেপ্টেম্বর কেমডেন শাখা বন্ধ হয়ে যায়। ব্যাংকটির ব্র্যাডফোর্ড শাখা বন্ধ করে দেওয়া হবে আগামী ৩১ ডিসেম্বর।
তবে ইকবাল আহেমদের অনিয়মকে ‘পকেট ব্যাংকিং’ বলে দাবি করেন সারওয়ার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ২০১৫ সালে তিনি যোগ দেওয়ার পর বিষয়গুলো নজরে আসামাত্রই ব্যবস্থা নেওয়া হয়। শাখা বন্ধের পর শাখাগুলো থেকে বন্ড ইস্যু বন্ধ করেছেন। ইকবাল আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর সম্পত্তি থেকে আত্মসাৎকৃত অর্থ আদায়ে আদালতে দাবি জানানো হয়েছে। আর লোকসানের কারণে শাখাগুলো বন্ধ করা হচ্ছে বলে তিনি জানান।
ব্যাংকটিতে ২০১৩ সালে সোনালী ব্যাংকের আমানত ছিল ১ হাজার কোটি টাকা যা ২০১৪ সালে বেড়ে হয় ১৫০০ কোটি টাকা আর ২০১৫ সালে তা কমে হয় ১ হাজার ৩৯০ কোটি টাকা। তবে বর্তমানে তা কমে হয়েছে ৬৬৩ কোটি টাকা।