অর্ধেকের বেশি পোশাক কারখানা নির্দেশ মানেনি

পোশাক কারখানা ভবনের কাঠামোগত নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্দেশ অনেক সদস্যই মানল না।
দুই সংগঠনের নিয়মিত সদস্যদের মোট ৫৪ শতাংশ এই নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দেয়নি। এর মধ্যে বিজিএমইএর ৫৮ শতাংশ ও বিকেএমইএর ৩৯ শতাংশ সদস্য প্রতিবেদন জমা দেয়নি।
এদিকে যেসব সদস্য এগুলো জমা দেয়নি, তাদের সব ধরনের সেবা আজ রোববার থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পোশাকমালিকদের এই দুই সংগঠনই।
বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গতকাল বিকেলে সাংবাদিকদের বলেছেন, ‘ব্যর্থ হওয়া সদস্যরা কবে এগুলো জমা দেবে এবং কেন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিল না, সেটি লিখিত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সব সেবা বন্ধ থাকবে।’ ওই সময়ই সভাপতি সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে তাৎক্ষণিক নির্দেশ দেন।
বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘যারা প্রতিবেদন জমা দেয়নি, তাদের সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যারা সময় চেয়েছে, তাদের ছাড় দেওয়া হবে।’
সাভারের রানা প্লাজা ধসের পর বিজিএমইএ ও বিকেএমইএ সব সদস্যকে পোশাক কারখানা ভবনের কাঠামোগত নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন স্বীকৃত প্রকৌশলপ্রতিষ্ঠান দ্বারা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেয়। গত বৃহস্পতিবার এসব প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়।
পরিসংখ্যান: বিজিএমইএর সর্বশেষ ডিরেক্টরির হিসাবে তাদের নিবন্ধিত সদস্যসংখ্যা পাঁচ হাজার ৪০০। তবে সমিতির নেতাদের দাবি অনুযায়ী বর্তমানে তিন হাজার ২০০ সদস্য সমিতির সেবা নেয়, অর্থাৎ তারা নিয়মিত সদস্য।
সমিতির নেতারা জানান, সময়সীমার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ২০০ সদস্য নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দেয়। তবে পরদিন শুক্রবারও জমা নেয় বিজিএমইএ। ফলে ওইদিন পর্যন্ত এক হাজার ৩৩৭ জন সদস্য প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে ঢাকার এক হাজার ১৫৪ ও চট্টগ্রামের ১৮৩ সদস্য নিয়ম মেনে প্রতিবেদন জমা দিয়েছে।
ফলে বিজিএমইএর নিয়মিত সদস্য তিন হাজার ২০০ ধরে হিসাব করলে মাত্র ৪২ শতাংশ নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। অন্যদিকে বিকেএমইএর নিয়মিত সদস্য ৯০০। গত বৃহস্পতিবার পর্যন্ত নকশা জমা দিয়েছে ৫৫০ সদস্য। সেই হিসাবে ৬১ শতাংশ সদস্য বিকেএমইএর নির্দেশ মেনেছে।
তবে যতটুকু সাড়া পাওয়া গেছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘সদস্যদের নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।’
মাটি পরীক্ষা নেই: বেশির ভাগ পোশাক কারখানা ভবনের মাটি পরীক্ষা নেই। এ কারণেই জমা দেওয়ার সংখ্যা অনেক কম। আবার অনেক কারখানা ভবনের নকশাও নেই বলে জানিয়েছেন বিজিএমইএর একাধিক কর্মকর্তা ও নেতা।
খোঁজ নিয়ে জানা যায়, সমিতির অনেক সদস্যই মাটি পরীক্ষা ছাড়াই ভবনের নকশা বিজিএমইএতে জমা দিতে আসে। তবে ওইসব নকশা জমা না নিয়ে তাদের নিজ দায়িত্বে মাটি পরীক্ষা করে আনার জন্য বলা হয়েছে। অন্যথায় তা গ্রহণ করা হবে না।
এ বিষয়ে সমিতির এক নেতা বলেন, অনেক কারখানাই ৩০ থেকে ৪০ বছরের পুরোনো ভবনে গড়ে উঠেছে। ওই সময়ে মাটি পরীক্ষা করা অনেকটাই বিলাসিতা ছিল। তাই এটা না থাকাই স্বাভাবিক।
শহিদউল্লাহ আজিম বলেন, ‘পর্যায়ক্রমে সব কারখানা পরিদর্শন করা হবে। তখন এসব নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন কাজে লাগবে।’
বিজিএমইএর এই সহসভাপতি জানান, সমিতির নিজস্ব প্রকৌশলীরা প্রতিদিন বিভিন্ন কারখানা পরিদর্শন করছেন। ইতিমধ্যে ১৫২টি কারখানা পরিদর্শন শেষ হয়েছে। ঝুঁকিপূর্ণ ২২টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ১৮ ও চট্টগ্রামের চারটি কারখানা আছে।