অলংকারশিল্পে যৌথ বিনিয়োগ, আসছে ভেষজ ও খাদ্যপণ্যেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পণ্য প্রদর্শনী বা ইন্ডিয়া শো চলাকালে গত মঙ্গলবার অলংকার প্রস্তুতশিল্পে দুই দেশের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি হয়েছে। ভারতের অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান শ্রী গণেশ জুয়েলারি হাউস এবং বাংলাদেশি প্রতিষ্ঠান রকস ক্রিয়েশনের মধ্যে এই বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই চুক্তি স্বাক্ষর করেন।চুক্তি অনুযায়ী, ভারতের শ্রী গণেশ জুয়েলারি এ দেশে ৫০ কোটি রুপি বিনিয়োগ করবে। ভারতীয় রুপি ও বাংলাদেশি মুদ্রার বর্তমান বিনিময় হার অনুযায়ী, যা বাংলাদেশের প্রায় ৭৪ কোটি টাকার সমপরিমাণ।এর আগে গত সোমবার ভারতীয় পণ্য প্রদর্শনীর উদ্বোধনী দিনে শ্রী গণেশ জুয়েলারির চেয়ারম্যান নীলেশ পোরেখ যৌথ এই বিনিয়োগের ঘোষণা দেন। অলংকার প্রস্তুতশিল্পে যৌথ বিনিয়োগকারী বাংলাদেশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইবনুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘চুক্তি স্বাক্ষরের পর আমরা এখন কারখানা স্থাপনের জন্য জায়গা খুঁজছি। রাজধানীর গুলশান বা উত্তরায় এই কারখানা স্থাপনে আগ্রহী আমরা।’ ইবনুল হাসান জানান, বিনিয়োগের নিবন্ধনসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষে আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে।ইবনুল হাসান আরও বলেন, ‘ভারতীয় প্রতিষ্ঠানটি যে পরিমাণ বিনিয়োগ করবে, তার সমপরিমাণ অর্থ আমরাও বিনিয়োগ করব। রপ্তানি সম্ভাবনাকে সামনে রেখেই অলংকার প্রস্তুত করব আমরা। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও আমাদের উৎপাদিত পণ্য রপ্তানি করা হবে।’এদিকে প্রদর্শনীর আয়োজকেরা জানান, ভেষজ পণ্য উৎপাদনে শিগগির ভারতের সঙ্গে আরও একটি যৌথ বিনিয়োগ চুক্তির সম্ভাবনা রয়েছে। এ খাতের ভারতীয় প্রতিষ্ঠান রেক্স রেমেডিস এবং বাংলাদেশি প্রতিষ্ঠান নিম ল্যাবরেটরিজের মধ্যে এই যৌথ বিনিয়োগ চুক্তি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দুই প্রতিষ্ঠান এ ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করেছে। এ বিষয়ে জানতে চাইলে নিম ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী নিম হাকিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে চুক্তি হতে পারে। বিনিয়োগের বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষ গত দুই দিনে বাংলাদেশি পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি।’ নিম হাকিম আরও বলেন, ‘ভেষজ ও খাদ্যপণ্য উৎপাদন খাতে ভারতের রেক্স রেমেডিস ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগে আগ্রহী। এ দেশে কারখানা স্থাপনের জন্য আমরা জায়গা খুঁজছি।’ এদিকে, ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ সফরে আসা ভারতীয় ব্যবসায়ীদের অনেকে এ দেশে পাট, বস্ত্র, রসায়ন, তথ্যপ্রযুক্তিসহ আরও কয়েকটি খাতে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে অনেকে এ ব্যাপারে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত করেছেন। আশা করছি, শিগগির ভারতের বড় কিছু বিনিয়োগ এ দেশে আসবে।’