অলিম্পিকে সোনা জিতেও কর!
অলিম্পিকে সোনার পদক জিতেও যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদদের রক্ষা নেই। তাঁদের ওপর করের খড়্গ নামছে। ব্রাজিলের রিও ডি জেনিরো অলিম্পিকে যুক্তরাষ্ট্রের যেসব ক্রীড়াবিদ সোনা, রুপা কিংবা ব্রোঞ্জ জিতেছেন কিংবা জিতবেন; ওই পদকের মূল্য এবং অলিম্পিক কমিটির দেওয়া সম্মানীর ওপর কর বসিয়েছে যুক্তরাষ্ট্র। করের হার ৩৯ দশমিক ৬ শতাংশ। এটি যুক্তরাষ্ট্রে ব্যক্তিশ্রেণির করদাতাদের ওপর আরোপিত সর্বোচ্চ কর।
যুক্তরাষ্ট্রের পদকজয়ী অলিম্পিয়ানদের ওপর এ করকে ‘ভিক্টোরি ট্যাক্স’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বিবিসি এ খবর দিয়েছে।
বিবিসি আরও বলছে, বর্তমানে সোনাজয়ী ক্রীড়াবিদকে ২৫ হাজার ডলার সম্মানী দেয় অলিম্পিক কমিটি। এ ছাড়া রুপা ও ব্রোঞ্জ পদক জিতলে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার ডলার পান জয়ী ক্রীড়াবিদেরা। আর প্রতিটি সোনার পদকের মূল্যমান ৬০০ ডলার। রুপা ও ব্রোঞ্জ পদকের মূল্যমান যথাক্রমে ৩০০ ডলার ও ৪ ডলার। সেই হিসাবে, একজন সোনাজয়ী ক্রীড়াবিদকে ৯ হাজার ৯০০ ডলার কর দিতে হবে। আর রুপা ও ব্রোঞ্জ জয়ীকে দিতে হবে যথাক্রমে ৫ হাজার ৯৪০ ডলার ও ৩ হাজার ৯৬০ ডলার।
যুক্তরাষ্ট্রে সোনাজয়ী এসব ক্রীড়াবিদের লটারি জয়ী কিংবা অন্য কোনো উৎস থেকে প্রাইজ মানি জেতাদের কাতারে ফেলা হয়। কিন্তু বিশ্বে বেশির ভাগ দেশেই ক্রীড়াবিদদের আয়ে কর ছাড় দেওয়া হয়।
তবে যুক্তরাষ্ট্রে এ ধরনের করারোপ নিয়ে বিতর্ক আছে। ইতিমধ্যে এ ধরনের করারোপ বন্ধ করার জন্য একটি বিল সিনেটে পাস হয়েছে। একই ধরনের একটি বিল হাউস অব রিপ্রেজেনটেটিভসে ভোটের জন্য অপেক্ষমাণ আছে।