অলিম্পিকের কল্যাণে যুক্তরাজ্যের জিডিপি ঘুরে দাঁড়াল
বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অলিম্পিক আয়োজনের সুবাদে যুক্তরাজ্যের মন্দাকবলিত অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনীতিতে ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।অফিস অব দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিকস বা জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) উপাত্তে বলা হয়েছে, যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই ১ শতাংশ প্রবৃদ্ধির মধ্যে শূন্য দশমিক ২ শতাংশ এসেছে অলিম্পিক ও প্যারালিম্পিকের টিকিট বিক্রি থেকে। জুলাই-সেপ্টেম্বর সময়ে এই দুটি ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে দেশটি।আগের নয় মাস ধরে যুক্তরাজ্যের অর্থনীতিতে মন্দা চলছিল। তবে সর্বশেষ তিন মাসের সার্বিক হিসাবে প্রবৃদ্ধি হলেও দেশটির উৎপাদনশীলতা এখনো ২০০৮ সালের আর্থিক সংকটের আগে যেমন ছিল, সেই জায়গায় ফিরে যেতে পারেনি।এদিকে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেছেন, ‘অর্থনীতির উপাত্তগুলো আমাদের সঠিক পথে থাকার ইঙ্গিত দিলেও আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’এক দিন আগে প্রকাশিত ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম সংকুচিত হওয়ার খবর উল্লেখ করে জর্জ অসবোর্ন বলেন, ‘দেশে ও বিদেশে আমাদের সামনে এখনো অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়ে গেছে।’অন্যদিকে যুক্তরাজ্যের ‘ছায়া অর্থমন্ত্রী’ এড বলসও জিডিপি প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দুর্বলতা রয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।এড বলস বলেন, ‘অলিম্পিকের সুবাদে জিডিপিতে প্রবৃদ্ধি হওয়ায় সেটাকে স্বাগত জানাই। কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি, বাজেট ঘাটতি কমানোসহ অর্থনীতিতে পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদারকরণের মাধ্যমে জনগণের মঙ্গল সাধনে আমাদের যে পরিকল্পনা প্রয়োজন, সেটির বিকল্প নয় এই প্রবৃদ্ধি।’ সূত্র: বিবিসি