ঢাকায় তিন দিনের ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা শুরু
অশুল্ক বাধা অপসারণ ও ভিসাপ্রাপ্তি সহজ করার দাবি
দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ ও দ্রুততর করার তাগিদ দিয়ে গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। দুই দেশের সরকারের কাছে জোর সুপারিশ করা হয়েছে, যেন উভয় দেশের ব্যবসায়ীরা একবারে অন্তত চার মাসের জন্য মাল্টিপল ভিসা পান।সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি তাঁর বক্তৃতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন পণ্যের জন্য একটি ‘মুক্ত বাজার’ এলাকা গড়ে তোলার প্রস্তাব দেন, যেন এই এলাকায় শুল্কমুক্তভাবে এসব পণ্য পাওয়া যায়।দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আলোকেই এটি গঠন করা সম্ভব বলে মনে করেন দিলীপ বড়ুয়া। পাশাপাশি তিনি ভিসা-প্রক্রিয়া সহজকরণে ব্যবসায়ীদের দাবিও সমর্থন করেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ীদের অন্তত চার মাসের জন্য মাল্টিপল ভিসা প্রদানের আহ্বান জানান।এর আগে স্বাগত ভাষণে ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ উভয় দেশের সরকারের কাছে এই আবেদন জানান। তিনি বলেন, যেসব ব্যবসায়ীর যথাযথ কাগজপত্র আছে, তাঁদের যেন অন্তত চার মাসের জন্য মাল্টিপল ভিসা প্রদান করা হয়।আইবিসিসিআইর উদ্যোগে এ মেলার আয়োজন করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস্ (টিমস)। পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে ভারতীয় দূতাবাস। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই বাণিজ্যমেলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মিজোরাম রাজ্যের শিল্প ও পর্যটনমন্ত্রী এস হায়াতো বলেন, ২০ বছর ধরে অন্তর্ঘাতমূলক বিদ্রোহী কর্মকাণ্ডে মিজোরামের উন্নয়নও ২০ বছর পিছিয়ে গিয়েছিল। কিন্তু এখন আর কোনো অন্তর্ঘাত নেই। বাংলাদেশের উদ্যোক্তারা নিরাপদে সেখানে বিনিয়োগ করতে পারেন।হায়াতো মিজোরামের প্রাকৃতিক সম্পদ বিশেষত বাঁশের প্রাচুর্যের কথা উল্লেখ করেন। বলেন, এই বাঁশ বাংলাদেশের কাগজশিল্পের জন্য অপরিহার্য উপাদান। তিনি দিলীপ বড়ুয়াকে ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে মিজোরাম সফরের আমন্ত্রণ জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ বলেন, ভারতের বিশাল বাজারে প্রবেশ করতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে। এর জন্য এক দিকে যেমন বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা দায়ী, অন্যদিকে দায়ী ভারত কর্তৃক বিভিন্ন ধরনের অশুল্ক ও আধাশুল্ক প্রতিবন্ধকতা আরোপ।এ কে আজাদ বলেন, ভুটানের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশিদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে দ্রুত ও নিয়মিত যাতায়াত-যোগাযোগের জন্য তিনি ট্রানজিট সুবিধা দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজীব সিং আগামী বছর তৃতীয় ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা কলকাতায় আয়োজনের প্রস্তাব দেন। পরে শিল্পমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। মেলায় ভারত ও বাংলাদেশের ৪০টির বেশি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মাথাপিছু প্রবেশ মূল্য ২০ টাকা। সেমিনার: বিকেলে ‘ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারকরণ: উত্তর-পূর্ব ভারত প্রেক্ষাপট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান প্রধান অতিথি ছিলেন।মশিউর রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশ থেকে ভারত যে হারে পণ্য আমদানি করে, বাংলাদেশ থেকে তার তুলনায় অনেক কম করে। ভারতের সঙ্গে বাংলাদেশের এই বাণিজ্য ঘাটতি কমাতে হলে ভারতীয় ব্যবসায়ীদের অধিক হারে পণ্য আমদানি করতে হবে। একই সঙ্গে ভারতের চাহিদা রয়েছে এমন রপ্তানি পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে।ভারতের বাংলাদেশের বিনিয়োগ সম্পর্কে মশিউর বলেন, বিদেশে বিনিয়োগ করতে হলে জাতীয় সঞ্চয় বাড়াতে হবে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। তবে জাতীয় সঞ্চয়ের পর্যাপ্ত পরিমাণে না হওয়ায় এ সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ অতিথির বক্তব্যে ভারতের মিজোরাম রাজ্যের শিল্প ও পর্যটনমন্ত্রী এস হায়াতো বলেন, বাংলাদেশি পণ্যের ওপর অযৌক্তিকভাবে কোনো শুল্ক ও কর বসানো হলে আলোচনার মাধ্যমে তা প্রত্যাহার করা হবে।মিজোরামের শিল্পসচিব আর এল রিনাওমা বলেন, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন দরকার। চট্টগ্রামের পাশে একটা গভীর সমুদ্রবন্দর স্থাপন করলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য অনেক বাড়বে।এল রিনাওমা জানান, তাঁদের রাজ্যে নতুন গ্যাস ও তেল উত্তোলনের জন্য পাইপলাইন বসানো হচ্ছে। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের তাঁর রাজ্যে বিনিয়োগের প্রস্তাব করেন।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের বিভিন্ন রাজ্যগুলো নানা ধরনের অশুল্ক বাধার কারণে রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না। আবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোয় বাংলাদেশি পণ্যের প্রায় ৫০০ কোটি টাকার বাজার রয়েছে। তবে ওই রাজ্যগুলোর মানুষের ক্রয়ক্ষমতা কম। তাই বাজার বাড়াতে হলে ওই সব রাজ্যে বিনিয়োগের মাধ্যমে ক্রয়ক্ষমতা বাড়াতে হবে।বিজিএমইএর সভাপতি মো. শফিউল ইসলাম বলেন, অশুল্ক বাধার কারণে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে না। তিনি শুল্কমুক্ত কোটায় পাঠানো তৈরি পোশাকের ওপর রাজ্য কর না বসানোর সুপারিশ করেন।অটবির প্রধান নির্বাহী সাব্বির হাসান উত্তর-পূর্ব রাজ্যগুলোয় সরাসরি বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।মূল প্রবন্ধে বলা হয়, ভারত থেকে বাংলাদেশ বৈধভাবে ৩০০ কোটির ডলারের বেশি পণ্য আমদানি করে। আরও প্রায় ৩০০ কোটি ডলারের পণ্য অবৈধভাবে আমদানি হয়ে আসে। অথচ বাংলাদেশ থেকে মাত্র ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয় ভারতের বাজারে।