আঞ্চলিক সম্পৃক্ততার জন্য অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ
অশুল্ক বাধা অপসারণ চায় ভারতের চার রাজ্যও
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী সীমান্তঘেঁষা ভারতের চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মুখ্যমন্ত্রীরা মনে করেন, ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে সীমান্তঘেঁষা এসব রাজ্যে সহজেই পণ্য আনা-নেওয়া করা সম্ভব। এ জন্য অশুল্ক বাধা অপসারণ ও অবকাঠামো-সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রীরা এসব কাজে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি এসব রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশ ও সংশ্লিষ্ট রাজ্যগুলোতে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন তাঁরা। গতকাল বুধবার সফররত ভারতের চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মানে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজের সভায় এসব আলোচনা উঠে আসে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সভা হয়। মধ্যাহ্নভোজের সভায় বক্তব্য দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা। বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান বক্তব্য দেন। আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সহসভাপতি জসিম উদ্দিন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার প্রমুখ। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি বাণিজ্যে ত্রিপুরা সমর্থন করে। এ জন্য একটি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানিক সরকার জানান, ইতিমধ্যে ভারতে ৪৬টি পোশাক পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়া হয়েছে। কিন্তু মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে যদি জটিলতা থাকে তা দূর করা উচিত। মানিক সরকার আরও বলেন, বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্ত সাতটি শুল্ক স্টেশন রয়েছে। পণ্য পরিবহন সহজ করতে শুল্ক স্টেশন আরও বাড়ানো দরকার। তাঁর মতে, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার সমাধান রাজ্য সরকারের হাতে নেই। কেন্দ্রীয় সরকারই এসব সমস্যার সমাধান করতে পারে। পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের কাছে তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হলো: চট্টগ্রাম বন্দর ব্যবহার অবারিত করা, আগরতলা-ঢাকা বাস সার্ভিস কার্যকর করতে বাংলাদেশ অংশের সড়ক উন্নয়ন এবং সার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও গ্যাসভিত্তিক শিল্প খাতে ত্রিপুরায় বাংলাদেশি বিনিয়োগ। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, বস্ত্র, কৃষিজাত শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও পর্যটন খাতে বিনিয়োগ করার বিষয়টি বিবেচনা করতে পারে বাংলাদেশ ও আসাম। তিনি আরও বলেন, দুই দেশের মানুষের মানসিকতায় সম্পৃক্ততা (কানেকটিভিটি) আনতে হবে। সামাজিকভাবে পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। তাঁর মতে, এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রী যেসব বিষয়ে একমত হয়েছেন, তার সবই দুই দেশের স্বার্থেই করা হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, দুই দেশের বিশাল জনগোষ্ঠীর বাজারে প্রতিটি জিনিসই প্রত্যেকের জন্য—এমন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এখন সুযোগ এসেছে যৌথভাবে কাজ করার। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে হবে। মুকুল সাংমা আরও বলেন, মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের মাত্র চারটি স্থলবন্দর রয়েছে। বাণিজ্য বাড়াতে স্থলবন্দর সংখ্যা বাড়ানো উচিত। তিনি বলেন, ‘মেঘালয় একটি ভূবেষ্টিত রাজ্য। আমরা এই অসুবিধা দূর করতে বাংলাদেশের সহযোগিতা চাই।’ একইভাবে মিজোরামের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন সেখানকার মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অবকাঠামো উন্নয়নই জরুরি। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সন্দেহ ও অবিশ্বাস দূর হলো। দ্বিপক্ষীয় এই সম্পর্কে এক অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেল। তিনি দুই দেশের বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর তাগিদ দেন। ব্যবসা-বাণিজ্য বাড়াতে অশুল্ক ও আধা শুল্ক বাধাগুলো দূর করার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ তাঁর বক্তব্যে বলেন, বাণিজ্য সহজ করতে অশুল্ক বাধাসহ অন্যান্য বাধা দূর করতে হবে। এতে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্য ব্যবধান রয়েছে, তা কমাতে সহায়তা করবে। এ কে আজাদের মতে, পণ্য পরিবহন দ্রুততর করতে সব বন্দরে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া উচিত। এ কে আজাদ আরও বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য ও যান চলাচল দ্রুততর করতে হবে। তিনি যোগাযোগ অবকাঠামো, পণ্যাগার ও তথ্যপ্রযুক্তি সুবিধা, কাস্টমস প্রক্রিয়া দ্রুততর করাসহ বাণিজ্যসুবিধা বাড়াতে একটি যৌথ তহবিল তৈরির পরামর্শ দেন। ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার জানান, গত বছর ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৬৮ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আসছে। তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই অনেক অগ্রগতি হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে যেখানে উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল এক কোটি ডলারের সামান্য বেশি, সেখানে ২০১০ সালে তা সাত কোটি ডলার ছাড়িয়ে গেছে।