অশুল্ক বাধা অপসারণই বেশি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের তুলনায় নেপাল ও শ্রীলঙ্কা থেকে ভারত বেশি হারে পণ্য আমদানি করে থাকে। আর রপ্তানির ক্ষেত্রে এই অঞ্চলে ভারতের এক নম্বর গন্তব্য হলো বাংলাদেশ।২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ২৮৬ কোটি ডলারের বেশি পণ্য আমদানি করেছে। একই সময়ে রপ্তানি করেছে সাড়ে ২৭ কোটি ডলারের পণ্য।আর ২০০৯-১০ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ ভারত থেকে ২৪৩ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে একই সময়ে ২৫ কোটি ৮৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।গত বৃহস্পতিবার ঢাকায় মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক সেমিনারে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, এই সময়কালে নেপাল এবং শ্রীলঙ্কা থেকে ভারত যথাক্রমে ৪৫ কোটি ২৩ লাখ ডলারের এবং ৩৫ কোটি ২৫ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। ফলে আলোচ্য সময়কালে নেপাল ও শ্রীলঙ্কা থেকে ভারতের আমদানি একই সময়কালে দেশটির মোট আমদানির যথাক্রমে দশমিক ১৬ শতাংশ ও দশমিক ১২ শতাংশ। অথচ বাংলাদেশ থেকে আমদানি দশমিক ১০ শতাংশেরও নিচে।অবশ্য শ্রীলঙ্কার সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। একই ধরনের বাণিজ্য চুক্তি রয়েছে নেপালের সঙ্গে। অবশ্য সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়লেও নানা ধরনের অশুল্ক ও আধাশুল্ক প্রতিবন্ধকতা বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগকে আটকে দিচ্ছে বলে এ দেশের রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা মনে করেন। এমসিসিআইর সেমিনারেও এ বিষয়টি আলোচনায় উঠে এসেছে। অশুল্ক প্রতিবন্ধকতা অপসারণের বিষয়ে দুই দেশের শীর্ষ পর্যায় একমত হলেও তার কোনো কার্যকর প্রতিফলন এখনো পরিলক্ষিত হচ্ছে না বলেও মনে করছেন তাঁরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর জানুয়ারি মাসে ভারত সফরকালে দুই দেশের মধ্যে যে যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয়েছে, তাতে অশুল্ক বাধা অপসারণের বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট কোনো অগ্রগতি হয়নি।বস্তুত বাংলাদেশ বছরের পর বছর ধরে অশুল্ক বাধা অপসারণের জন্য দেন-দরবার করে যাচ্ছে। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে ফল পাওয়া গেলেও রপ্তানিকারকেরা তা যথেষ্ট নয় বলেই মনে করেন।আবার বাংলাদেশ যেগুলোকে অশুল্ক প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করছে, ভারতের পক্ষ থেকে তার অনেকগুলোকেই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ বলে অভিহিত করা হচ্ছে। ফলে, এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।ভারতের বাজারে বিশেষত উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। আর তাই বাড়ছে রপ্তানি। কিন্তু সংশ্লিষ্ট ভারতীয় স্থলবন্দরগুলোয় পণ্য সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা বা গুদাম না থাকা, বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষার জন্য এক মাসের বেশি সময় লেগে যাওয়া, পণ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের সময়কাল লিপিবদ্ধকরণে একেক সময় একেক নির্দেশনা ইত্যাদি সমস্যায় অনেক ক্ষেত্রেই রপ্তানিকারকেরা হতোদ্যম হয়ে পড়েন। আবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) বিভিন্ন পণ্যের মান সত্যায়ন করে দিলেও তা ভারতীয় কর্তৃপক্ষ গ্রহণ করতে রাজি হয় না। আর তাই পণ্যমান ভারতীয় পরীক্ষাগারে নতুনভাবে পরীক্ষা করাতে হয়। ইতিমধ্যে বিএসটিআইর মান নির্ধারণ সক্ষমতা বৃদ্ধি ও উন্নততর করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হলেও তাতে তেমন গতি নেই বলে জানা গেছে। তবে ভারতীয় মান নির্ণয় কর্তৃপক্ষের (ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড) সহযোগিতায় বিএসটিআইর সক্ষমতা বাড়ানোর একটি কাজ এখন চলছে। অথচ বিএসটিআইর পণ্যমান নির্ণয় সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া গেলে বাংলাদেশি পণ্য রপ্তানির অনেক সমস্যা কমে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।বিএসটিআইর মানের গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যার আরেকটি কারণ হলো, এই সংস্থাটির কোনো আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সম্পৃক্ততা নেই। তবে চলতি বছরের মধ্যেই নরওয়ের অ্যাক্রেডিটেশন সংস্থায় এই আন্তর্জাতিক সম্পৃক্তার জন্য আবেদন করার কথা রয়েছে। কেউ কেউ অবশ্য এও মনে করেন যে ভারত ছাড়া আরও বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে। সেসব রপ্তানির বহু ক্ষেত্রেই বিএসটিআইর নির্ণীত মান বা সত্যায়ন গ্রহণ করা হচ্ছে। সুতরাং ভারতও ইচ্ছা করলে বিএসটিআইর সত্যায়ন গ্রহণ করতে পারে।ভারত অবশ্য এখন কয়েকটি বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে বিএসটিআইর মান গ্রহণ করছে। আরও কয়েকটি পণ্যের ক্ষেত্রে আগামীতে এই মান গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট আমদানির প্রায় ১৬ শতাংশই আসে ভারত থেকে। চীনের পর ভারত বাংলাদেশের পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস। তবে আমদানির তুলনায় রপ্তানি অনেক কম হওয়ায় দুই দেশের পণ্য বাণিজ্যে বিরাট ব্যবধান পরিলক্ষিত হয়। ২০০৭-০৮ অর্থবছরের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি প্রথমবারের মতো ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। অবশ্য পরের বছর তা কমে ২৫০ কোটি ডলারে নেমে আসে। সে বছর (২০০৮-০৯) ভারত থেকে আমদানি কমে যাওয়ার পাশাপাশি ভারতে রপ্তানিও কিছুটা কমেছিল। পরিসংখ্যান পর্যালোচনা করলে অবশ্য দেখা যায় যে ২০০৩-০৪ অর্থবছর থেকে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি উল্লেখযোগ্যহারে বাড়তে শুরু করে যা ২০০৭-০৮ অর্থবছরে এসে ৩৫ কোটি ডলারে উন্নীত হয়। অর্থনীতিবিদেরা অবশ্য মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি থাকাটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। বিশেষত, বাংলাদেশ যেহেতু প্রচুর কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য ভারত থেকে আমদানি করে থাকে, সেহেতু এই ঘাটতি থাকবেই।তবে সম্ভাবনাময় বাংলাদেশি পণ্যগুলো ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অশুল্ক বাধা সরিয়ে নেওয়া হলে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে। এর ফলে ঘাটতির পরিমাণ কিছুটা কমে আসতে পারে।