অশুল্ক বাধা কমিয়ে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর আহ্বান
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এক ফোরামে আঞ্চলিক সংযোগ জোরদারকরণ ও অশুল্ক বাণিজ্য বাধা কমানোর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।জাতিসংঘ সংস্থা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য সহায়তা ফোরাম-২০১২’ শীর্ষক দুই দিনের এই অনুষ্ঠানের আয়োজন করে। এটির উদ্বোধন করেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতাবিষয়ক জ্যেষ্ঠ মন্ত্রী সারাথ আমুনুগামা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেই দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আবদুল রিশাদ বাথিউদিন, ইউএনএসকাপের বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের পরিচালক রবি রত্নায়েক ও শ্রীলঙ্কায় এডিবির কান্ট্রি ডিরেক্টর রিতা এ ওসুলিভান। ইউএনএসকাপ ও এডিবির আমন্ত্রণে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানও ফোরামে যোগ দেন এবং আঞ্চলিক পর্যায়ে এসএমই খাতের জন্য ই-ট্রেড বা ই-বাণিজ্য ও বৈশ্বিক ভ্যালু চেইনবিষয়ক একটি অধিবেশনে সভাপতিত্ব করেন।ফোরামে বিভিন্ন দেশের দুই শতাধিক চেম্বার নেতা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী যোগ দেন। সারাথ আমুনুগামা ইউরোপ-আমেরিকার অর্থনীতিতে ক্রমাগত মন্থরগতির জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যেই বাণিজ্য বাড়ানোর জন্য আঞ্চলিক সংযোগ উন্নয়ন ও প্রসারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।মাহবুবুর রহমান ইউএনএসকাপ ও এডিবির উদ্যোগে সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি (আইটি) এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বা উপকরণের মাধ্যমে কাগজবিহীন বাণিজ্য উন্নয়নের প্রয়াসকে স্বাগত জানান।