স্থলবন্দর ও শুল্ক স্টেশন ব্যবস্থাপনার মান উন্নয়ন এবং পরিবহন ব্যয় কমাতে পণ্যের ওজন নির্ধারণের মতো অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক (ডিজিএফটি) অনুপ পূজারি এ কথা বলেছেন। সম্প্রতি কলকাতা চেম্বার অব কমার্স আয়োজিত এক সম্মেলনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ড-এর।অনুপ পূজারি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য যদিও ধীরে বাড়ছে, কিন্তু আমরা এ বাণিজ্যের পরিবহন ব্যয় নিয়ে বেশ চিন্তিত। ৫০ শতাংশেরও বেশি বাণিজ্য হচ্ছে ঋণপত্র খোলার মাধ্যমে। তাই পরিবহন ব্যয়ের বিষয়টি আরও ভালো করতে কাজ করতে হবে।’শুল্কায়ন প্রক্রিয়া, পণ্য জাহাজীকরণ এবং ওজন নির্ধারণ প্রক্রিয়ায় ভিন্নতা পণ্যের পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন অনুপ পূজারি। অনুপ বলেন, ‘ওজন পরিমাপের জন্য অভিন্ন পদ্ধতি থাকা এবং তা একটি সংস্থার মাধ্যমে করা প্রয়োজন। আমরা কি একটি অভিন্ন যন্ত্রের মাধ্যমে পণ্যের ওজন পরিমাপ করতে পারি না? একক ওজন পরিমাপ অবশ্যই অবলম্বন করা উচিত যেন তাতে পরিবহন খরচ অনেক কমে যায়।’দুই দেশের পণ্যবাহী ট্রাককে একে অন্যের দেশে ওঠা-নামা করানোর অনুমতি দেওয়া প্রয়োজন বলে মনে করেন অনুপ পূজারি। তাঁর মতে, এতে পরিবহন খরচ কমে যাবে।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা বিশাল। সে কারণে অশুল্ক বাধা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।জি এম কাদের আরও বলেন, ‘শিগগিরই আমরা নয়াদিল্লিতে ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ধরনের অশুল্ক বাঁধা বিশেষ করে পণ্যের ওজন পরিমাণ ব্যবস্থা, সড়ক ও বন্দর অবকাঠামো নিয়ে আলোচনায় বসব।’অনুপ পূজারি আরও বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে ভালো বাণিজ্য অংশীদার।তথ্যে দেখা যায়, সার্কভুক্ত দেশগুলোতে গত বছর ভারত যত পণ্য রপ্তানি করে তার ৩৫ শতাংশই হয় বাংলাদেশে।ভারতের বৈদেশিকবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২১০ কোটি ডলার। ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫৪০ কোটি ডলারে।