
বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা মনে করেন, ভারত থেকে সুতা আমদানি হলেও নানা অশুল্ক বাধার কারণে সে দেশে পোশাক রপ্তানি বাড়ছে না।
ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী ভারতীয় বস্ত্র প্রদর্শনী ‘ইনটেক্সপো বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথাই উঠে এসেছে। এতে দেশের ব্যবসায়ীরা ভারতে রপ্তানি বাড়াতে অশুল্ক বাধা দূর করার আহ্বান জানান। ভারতের সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) ও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীটি উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, ‘অশুল্ক বাধাসহ উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে তথ্যগত কিছু সমস্যা আছে। আশা করি, এসব সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের ভিসা পেতে নানা হয়রানির শিকার হতে হয়।
তবে সন্দ্বীপ চক্রবর্তী বলেন, ‘ব্যবসায়ীদের ভিসা-প্রক্রিয়া সহজ করতে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সমস্যার কথা জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হারুন উর-রশিদ, ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মোহাম্মাদ আলী প্রমুখ।
প্রদর্শনীতে ভারতের ২২টি বস্ত্র ও সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ প্রদর্শনী শেষ হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
এফবিসিসিআই, বিজিএমইএ এবং আইবিসিসিআই এই প্রদর্শনীর আয়োজনে সহায়তা করছে।