অশুল্ক বাধার জন্যই আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশ পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা ধরনের অশুল্ক বাধার কারণে দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে পারছে না বাংলাদেশ। এ অবস্থায় সরকারি-বেসরকারি সদস্যদের নিয়ে অশুল্ক বাধা দূরীকরণবিষয়ক একটি টাস্কফোর্স গঠন করা গেলে তা বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে। এই টাস্কফোর্স বহুপক্ষীয় নয়, কাজ করবে শুধু দ্বিপক্ষীয় ভিত্তিতে। দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক বাণিজ্যের বাধা দূরীকরণে অংশগ্রহণমূলক পদ্ধতি চালুসংক্রান্ত সরকারি-বেসরকারি এক সংলাপে এ অভিমত উঠে আসে। জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার যৌথভাবে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ ও ভারতের দুই বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয় ও কাটস্ ইন্টারন্যাশনাল।বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এতে প্রধান অতিথি ছিলেন। উন্নয়ন সমন্বয়ের ইমেরিটাস ফেলো খোন্দকার ইব্রাহিম খালেদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মাহফুজ কবীর এবং কাটস্ ইন্টারন্যাশনালের উপনির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জি। নির্ধারিত আলোচক ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ। উন্নয়ন সমন্বয়ের প্রকল্প সমন্বয়ক শাহীন উল আলম এবং এশিয়া ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক সৈয়দ এ আল মুক্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।মূল প্রবন্ধ: প্রবন্ধে বলা হয়, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি আটকে রয়েছে নানা অশুল্ক বাধার কারণে। এগুলো দূর করতে সমন্বিত পদক্ষেপ দরকার। এতে বলা হয়, ভারতীয় কাস্টমস কার্যালয় খোলা থাকে নয়টা-পাঁচটা। এর আগে-পরে ট্রাক ঢুকলে বাংলাদেশি পণ্য ছাড় হয় না। এটি অন্তত সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যায়। আবার ভারতের সঙ্গ বাণিজ্যের সিংহভাগ সম্পন্ন হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। অথচ দেশটির কাস্টমস আপিলাত কার্যালয় কয়েক শ কিলোমিটার দূরত্বের মেঘালয়ের শিলংয়ে। কোনো ঝামেলা হলে নিষ্পত্তির জন্য শিলং যেতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। পণ্য ওঠানো-নামানোর জন্য এ ছাড়া স্থলবন্দরের আশপাশে কোনো ছাউনি নেই। এ কারণে বর্ষাকালে পণ্য নষ্ট হয়ে যায়। বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতে গেলে অনেক সময় নিরাপত্তা সংস্থার সদস্যদের মাধ্যমে নাজেহাল হন। ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে এসব অসুবিধার সম্মুখীন হতে হয় বাংলাদেশি ব্যবসায়ীদের।আবার ভারতীয়দের নেপালে ঢুকতে পয়সা লাগে না, অথচ বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছয় মাসের ভিসা ফি ৬০ হাজার রুপি। ভুটানে পণ্য চলাচলের পথ খুবই সরু ও জীর্ণশীর্ণ। আলোচনা: বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ভারতে পণ্য রপ্তানিতে কোথায়, কী সমস্যা হচ্ছে, তা আগে চিহ্নিত করতে হবে।’ রাজ্য সরকারের বিষয় কেন্দ্রীয় সরকার পর্যন্ত গড়ানোর কারণে অনেক সময় সিদ্ধান্ত পেতে দেরি হয় বলে তিনি মনে করেন। বাংলাদেশি পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থার সনদ ভারত এখন গ্রহণ করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আরও কাজ হচ্ছে। ভারতের অংশে ১৪টি এবং আমাদের অংশে ১২টি স্থলবন্দরের উন্নয়ন করা হবে।’অশুল্ক বাধা দূরীকরণে টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন খোন্দকার ইব্রাহীম খালেদ। তিনি বলেন, এই টাস্কফোর্স শুধু ভারত বা শুধু নেপাল—এ রকম দ্বিপক্ষীয় ভিত্তিতে কাজ করলে ফল পাওয়া যেতে পারে।টাস্কফোর্স গঠনের বিষয়ে সরাসরি কিছু না বলে বাণিজ্যমন্ত্রী জানান, অশুল্ক বাধা দূরীকরণে বর্তমানে বেশ কয়েকটি যৌথ কমিশন কাজ করছে। মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাবেক বাণিজ্যসচিব সুহেল আহমেদ চৌধুরী বলেন, ‘এক দশকের বেশি আগে বাংলাবান্ধায় একই ছাদের নিচে সবকিছুর আয়োজন করা হয়েছিল। ভারত কি সে রকম কিছু করেছে?’ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহাবুদ্দিন পাটোয়ারী বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছার অভাব, অবিশ্বাস, প্রথাগত মানসিকতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা কোনো সুফল পাচ্ছি না। মনে করা হয়েছিল, ভারতে রপ্তানি বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হবে। সেটা না হয়ে বরং কিছুটা কমে গেছে।’মুক্ত আলোচনায় অংশ নেন কর্মজীবী নারীর সভাপতি শিরীন আক্তার, এফবিসিসিআইয়ের দুই পরিচালক শাফকাত হায়দার, রেজাউল করিম প্রমুখ।