অষ্টম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের ঘোষণা

অষ্টম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে আইএএবি সেন্টারের বার্জার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
২০০৩ সাল থেকে দেশের প্রতিভাবান স্থপতিদের কাজের স্বীকৃতি প্রদান করতে প্রতি দুই বছর পরপর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ইয়াং আর্কিটেক্ট বিভাগে তরুণ স্থপতিদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি মূল বিভাগে পুরস্কার দেওয়া হয় দেশের খ্যাতনামা স্থপতিদের। সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, মাল্টি-ফ্যামিলি রেসিডেন্স, কমার্শিয়াল বা মার্কেন্টাইল, ইন্ডাস্ট্রিয়াল এবং অন্যান্য এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে স্থপতিদের পুরস্কৃত করা হয়।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসিন হাবিব চৌধুরী; মহাব্যবস্থাপক (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ এবং আইএএবির পক্ষ থেকে স্থপতি কাজী গোলাম নাসির, আইএএবির প্রেসিডেন্ট ও প্রতিযোগিতার অ্যাওয়ার্ড কো অর্ডিনেটর স্থপতি শাহনেওয়াজ মাসুদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
এ কে এম সাদেক নেওয়াজ অতিথিদের স্বাগত জানান এবং মহসিন হাবিব চৌধুরী বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের পটভূমি এবং বাংলাদেশের স্থাপত্যবিদ্যা চর্চার ওপর এই প্রতিযোগিতার ইতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য দেন। স্থপতি শাহনেওয়াজ মাসুদ প্রতিযোগিতার বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা করেন। স্থপতি কাজী গোলাম নাসির বাংলাদেশের উন্নয়নে স্থাপত্যবিদ্যার গুরুত্ব এবং অবদান নিয়ে বক্তব্য দেন এবং ভবিষ্যতেও বার্জার এবং আইএএবির পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করা আশা ব্যক্ত করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের স্থপতিদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন সফল করার আহ্বান জানান।
অষ্টম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের জুরিবোর্ডের বিচারকদের দায়িত্ব পালন করবেন স্থপতি মুস্তাফা আমিন, স্থপতি খন্দকার সাব্বির আহমেদ, স্থপতি এহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্রসিদ্ধ বিদেশি স্থপতি। প্রেস বিজ্ঞপ্তি