অষ্টমবারের মতো মার্কেন্টাইল ইনস্যুরেন্সের চেয়ারম্যান হলেন আবদুল হক
দেশের বিশিষ্ট শিল্প ও বাণিজ্য ব্যক্তিত্ব আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন। গত সোমবার বিআইএএম ভবনে প্রতিষ্ঠানটির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত হলেন।মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল হক দেশের শিল্প, বাণিজ্য, সংবাদমাধ্যম ও পুঁজিবাজারের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বিমা জগতের সঙ্গে তাঁর সম্পৃক্ততা মার্কেন্টাইল ইনস্যুরেন্সের মাধ্যমে। এ কোম্পানির উদ্যোক্তা পরিচালক তিনি।২০০১ সালে আবদুল হক প্রথমবারের মতো মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে কোম্পানি অধিকতর গতিশীলতা পায় এবং বিমা জগতে অধিকতর সুনাম অর্জন করে। এ কারণে কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা অষ্টমবারের মতো চেয়ারম্যানের দায়িত্ব ভার প্রদান করেন।আবদুল হক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য।