অসম প্রতিযোগিতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নূরুল আলম

প্রশ্ন :

প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে এলপিজির চাহিদা বাড়ছে। তো গত ২০১৫-২০ পর্যন্ত পাঁচ বছরে এলপিজির ব্যবসা কতটা বাড়ল? এলপিজির চাহিদা কোথায় বেশি?

মোহাম্মদ নূরুল আলম: আমাদের দেশে পরিবেশবান্ধব এলপিজি অপরিহার্য জ্বালানি। কারণ, আমাদের কাছে বিকল্প নেই। তাই এলপিজির চাহিদা বাড়ছে। ২০১৫ সালে সারা দেশে আড়াই লাখ টন এলপিজি বিক্রি হয়েছিল। চলতি বছরে তা বেড়ে ১৫ লাখ টন হবে। ক্রয়ক্ষমতা বেশি থাকায় গ্রামের চেয়ে জেলা ও উপজেলা শহরে এই জ্বালানির ব্যবহার বেশি। আর অঞ্চল হিসেবে ঢাকা ও চট্টগ্রামে চাহিদা বেশি।

প্রশ্ন :

এলপিজি কতটা সাশ্রয়ী?

মোহাম্মদ নূরুল আলম: এলপিজি হচ্ছে কেরোসিনের চেয়ে ৩১ শতাংশ, ডিজেলের তুলনায় ৪০ শতাংশ, পেট্রল ও অকটেনের চেয়ে ৫০ শতাংশ এবং লাকড়ির তুলনায় ৩৫ শতাংশ সাশ্রয়ী।

প্রশ্ন :

দেশে অনেকগুলো এলপিজি কোম্পানি ব্যবসা করছে। এতে কি বাজারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে?

মোহাম্মদ নূরুল আলম: ৫৬টি এলপিজি কোম্পানি লাইসেন্স পেয়েছে। তার মধ্যে অপারেশনে আছে ২৮টি। ১৫ লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে প্রায় চারগুণ বেশি এলপিজি সরবরাহের অবকাঠামো তৈরি করেছে কোম্পানিগুলো। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় বাজারে অসম প্রতিযোগিতা শুরু হয়েছে। সে কারণে কোম্পানিগুলো মুনাফা করতে পারছে না, ব্যাংকের ঋণ পরিশোধেও ব্যর্থ হচ্ছে। লোকসান গুনতে গুনতে কিছু কোম্পানি বন্ধ হওয়ার শঙ্কায় আছে।

প্রশ্ন :

কোম্পানিগুলোর অসম প্রতিযোগিতায় ভোক্তারা কি লাভবান হচ্ছে?

মোহাম্মদ নূরুল আলম: অবশ্যই ভোক্তারা লাভবান হচ্ছেন। আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়লেও দেশে তুলনামূলক কম দামেই এলপিজি পাচ্ছেন ক্রেতারা। যদিও এই দামে কোম্পানিগুলো লোকসান গুনছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিচ্ছে। তবে দাম নির্ধারণ প্রক্রিয়া আরও যুক্তিসংগত করা প্রয়োজন। না হলে খাতটি টেকসই হবে না।

প্রশ্ন :

কী ধরনের উদ্যোগ নেওয়া হলে এলপিজির দাম কিছুটা হলেও কমবে?

মোহাম্মদ নূরুল আলম: চাহিদার মাত্র ২ শতাংশ আসে দেশীয় উৎস থেকে। বাকিটা আমদানি করতে হয়। বর্তমানে অধিকাংশ কোম্পানি আড়াই হাজার থেকে তিন হাজার মেট্রিক টন পরিবহনক্ষমতার জাহাজে এলপিজি আমদানি করে। তাতে টনপ্রতি খরচ ৯০-১০০ ডলার। আরও বড় জাহাজে আমদানি করা গেলে প্রতি টনে খরচ ৫৫-৬০ ডলারে নামিয়ে আনা সম্ভব। অন্যদিকে উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ও ব্যবসায়ী পর্যায়ে ২ শতাংশ ভ্যাট এবং আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ও ৩ শতাংশ অগ্রিম কর দিতে হয়। নিত্যপণ্য বিবেচনায় জ্বালানিতে ভ্যাটসহ অন্যান্য করে ছাড় দিলেও দাম কমবে। বিশ্ববাজারে দাম বাড়লে অনেক দেশেই সরকার বাড়তি দামটা বহন করে। ভারতে আধার কার্ডের বিপরীতে প্রতিটি ৪০০ রুপি করে বছরে ৮টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়। বাংলাদেশেও সরকার ভোক্তাস্বার্থে এমন কিছু করতে পারে।