অসমতা হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠাই মূল চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ অনুমোদিত টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর (এসডিজি) মধ্যে অসমতা হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
‘দেশে এসডিজি বাস্তবায়ন সহজীকরণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ মত দেন। তাঁরা বলেন, স্থানীয় উৎস থেকে অর্থায়ন হলে উন্নয়ন টেকসই হবে। এর পাশাপাশি এসডিজি বাস্তবায়নে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ও ইউএনডিপি যৌথভাবে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল বুধবার কর্মশালাটির আয়োজন করে। এতে এসডিজির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির সদস্য শামসুল আলম। বক্তব্য দেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের জন্য এসডিজির সারসংক্ষেপ হলো ক্ষুধামুক্তি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক এসডিজি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। চলতি কিংবা আগামী মাসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশের জন্য এসডিজির উদ্বোধন করবেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘এসডিজি বাস্তবায়নে আমাদের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। অনেকে বলেন, এসডিজি উচ্চাভিলাষী; আমি বলি, এটি উচ্চাভিলাষী নয়, চ্যালেঞ্জিং।’
জাতিসংঘের সফররত বিশেষ দূত লুইস ফার্নান্দো ক্যারেরা ক্যাস্ট্রো বলেন, ‘সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করাটা কোনো বিচার বিভাগীয় সমস্যা নয়। এটা উন্নয়ন-বঞ্চনার কারণে তৈরি হওয়া সমস্যা।’ তাঁর মতে, বিশ্বে এসডিজি বাস্তবায়নের জন্য ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার প্রয়োজন হবে। এ অর্থের জোগান দেওয়াই হবে বড় চ্যালেঞ্জ।
লুইস ফার্নান্দোর মতে, বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন শুধু সরকারের দায়িত্ব নয়। এসডিজির প্রায় সব লক্ষ্যই বাস্তবায়ন করতে হবে স্থানীয় সরকার পর্যায়ে। তাই এসডিজি বাস্তবায়নের মূল দায়িত্ব স্থানীয় সরকারের। এ ছাড়া এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।
পররাষ্ট্রসচিব শহীদুল হকের মতে, এসডিজিতে নির্ধারিত অসমতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য দুটি অর্জনই বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এ ছাড়া এসডিজি বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। লক্ষ্যগুলো অর্জনে বেশ কাঠখড় পোড়াতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এসডিজি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণই বড় চ্যালেঞ্জ। তিনি কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশের ৮৩ শতাংশ সম্পদের জোগান দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। কিন্তু মূল প্রবন্ধের কোথাও এ বিষয়টি নেই।
ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড জানান, এসডিজি অর্জনে বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে বাংলাদেশকে এ পথযাত্রায় সহায়তা দেবে ইউএনডিপি। তাঁর মতে, এসডিজি হলো উন্নয়নের একটি সর্বজনীন কৌশল। দারিদ্র্য বিমোচন হবে, কেউ পিছিয়ে থাকবে না।
মূল প্রবন্ধ: সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে এসডিজি সামঞ্জস্যের চিত্র তুলে ধরা হয় কর্মশালার মূল প্রবন্ধে। এতে বলা হয়েছে, এ পরিকল্পনার সঙ্গে এসডিজির ১৪টি লক্ষ্য সম্পূর্ণভাবে এবং তিনটি লক্ষ্য আংশিকভাবে সামঞ্জস্যপূর্ণ। পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে এসডিজির ১৯৬টি টার্গেট বা লক্ষ্যের মধ্যে ৫৬টি সম্পূর্ণভাবে এবং ৩৭টি আংশিকভাবে সামঞ্জস্যপূর্ণ। আর ৬৫টি টার্গেটের সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনার কোনো সামঞ্জস্য নেই। এ ছাড়া ১১টি টার্গেট বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।
মূল প্রবন্ধে আরও বলা হয়েছে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা দেশে এসডিজি অর্জনের ভিত্তি তৈরি করে দেবে। এসডিজিতে স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সুপারিশ করা হয়েছে। আর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশ ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।