অস্ট্রেলিয়ায় উৎপাদন বন্ধ করবে ফোর্ড মোটর
২০১৬ সালের অক্টোবর নাগাদ অস্ট্রেলিয়ায় উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর। পাঁচ বছর ধরে অব্যাহত লোকসানের মুখে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ৮৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় গাড়ি উৎপাদন করে আসছে ফোর্ড মোটর। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের বেশ লোকসান গুনতে হচ্ছে। ফোর্ডের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে তাদের ৬০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের লোকসান হয়েছে। অস্ট্রেলিয়ান ডলারের মান শক্তিশালী হওয়ায় গাড়ির উত্পাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর এই সময়ে বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির এই লোকসান গুনতে হয়।
এরই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় উৎপাদন বন্ধ করতে চায় প্রতিষ্ঠানটি। দেশটির ভিক্টোরিয়া স্টেটের ব্রডমিডোস ও জিলং প্ল্যান্ট দুটি বন্ধ করতে চায় তারা। ফোর্ডের এই সিদ্ধান্তে এক হাজার ২০০ শ্রমিক চাকরি হারাবেন বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় ফোর্ডের প্রধান নির্বাহী বব গ্রাজিয়ানো বলেন, ‘ইউরোপের চেয়ে অস্ট্রেলিয়ায় আমাদের উৎপাদন খরচ দ্বিগুণ, আর এশিয়ার চেয়ে অন্তত চার গুণ। এভাবে ব্যবসা চলতে পারে না। এই মুহূর্তে দীর্ঘ মেয়াদে অস্ট্রেলিয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
এদিকে ফোর্ডের উৎপাদন বন্ধের সংবাদে ওই দুটি কারখানার শ্রমিকেরা ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ম্যানুফ্যাকচারার্স ওয়ার্কার্স ইউনিয়নের এক নেতা। বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় ফোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।