অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনসের এ৩৮০ বিমানের ইঞ্জিনে ত্রুটি
অস্ট্রেলিয়ার অন্যতম বিমান সংস্থা কান্তাস তাদের তিনটি এয়ারবাসের ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত করেছে। এ৩৮০ মডেলের ইঞ্জিনের এসব এয়ারবাসে যাত্রী পরিবহন স্থগিত করে বর্তমানে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ৩৮০ মডেলের বিমানগুলো ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সর্বাধুনিক সংযোজন। এ বিমানগুলোতে ৫৫৫ জন যাত্রী পরিবহন করা সম্ভব। একনাগাড়ে এই এ৩৮০ বিমান প্রায় ১৫ হাজার কিলোমিটার (আট হাজার নটিক্যাল মাইল) উড়ে যেতে পারে। কান্তাসের প্রধান নির্বাহী অ্যালান জয়সি বলেন, ‘বিমানগুলোর ইঞ্জিনে জ্বালানি তেল চুইয়ে পড়তে দেখা গেছে। এ৩৮০ বিমানের ইঞ্জিনে এভাবে জ্বালানি তেল চুইয়ে পড়ার কথা নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের কারিগরি দল ব্যাপারটি খতিয়ে দেখছে।’গত বৃহস্পতিবার কান্তাস এয়ারলাইনসের একটি এ৩৮০ ফ্লাইটের ইঞ্জিনে জ্বালানি তেল চুইয়ে পড়াসংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় সিঙ্গাপুরে সেটি জরুরি অবতরণ করে।২০০৭ সালে এয়ারবাস কোম্পানি বাণিজ্যিকভাবে এই এ৩৮০ মডেলের বিমানটির উদ্বোধন ঘোষণা করে। উদ্বোধনের তিন বছর পর এ প্রথমবারের মতো এ৩৮০ বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দিল। তবে এর ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস জানিয়েছে, তারা ব্যাপারটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। কান্তাস এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি নিশ্চিত না হয়ে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত এ৩৮০ মডেলের বিমানগুলোর উড্ডয়ন বন্ধ থাকবে।—বিবিসি