অস্ট্রেলিয়ায় এখনো পণ্যবাহী উড়োজাহাজ যেতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো বিমান) সরাসরি অস্ট্রেলিয়া যেতে না পারার ১৩ মাস পার হয়েছে। সমস্যাটি এখনো রয়ে গেছে। এ কারণে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি প্রত্যাশামাফিক বাড়ছে না।
সচিবালয়ে গতকাল সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার বাজারে সরাসরি উড়োজাহাজে বাংলাদেশি পণ্য পাঠাতে কিছু জটিলতা এখনো আছে। এতে বাংলাদেশের রপ্তানি ব্যয় বেশি হচ্ছে।
মিসরের আকাশে ২০১৫ সালে বোমা বিস্ফোরণে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান ধ্বংসের পর বিশ্বের ২০ দেশের ৩৮ বিমানবন্দরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সেই তালিকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। একই বছরের ১৯ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটও বলেন, সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচল করতে পারলে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়বে। বাংলাদেশের ৩০ হাজার মানুষ সুনামের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করছে বলে তথ্য দেন তিনি।
জুলিয়া নিব্লেট বলেন, তিনি জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয় বর্তমানে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান দেখভাল করছে। তাদের কাজ শেষ হলেই অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা উঠে যাবে বলে তিনি আশাবাদী।
প্রতিকূলতা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাড়ছে বলে জানান তোফায়েল আহমেদ। যেমন গত অর্থবছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রায় ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। আর একই সময়ে দেশটি থেকে আমদানি হয়েছে ৮০ কোটি ডলারের পণ্য।
বাণিজ্যমন্ত্রী আশাবাদী যে আগামী পাঁচ বছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ২০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করবে। তিনি জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, পিভিসি ব্যাগ, চিংড়ি ইত্যাদি।
ইমপ্রেস নিউটেক্স কমপোজিট টেক্সটাইলের পরিচালক নাফিস-উদ-দৌলা গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অস্ট্রেলিয়ার ওই নিষেধাজ্ঞা রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কিছু রপ্তানি আদেশ চলে গেছে চীনে।’