অস্ট্রেলিয়ায় বিক্রয়কেন্দ্র চালু করল হাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অস্ট্রেলিয়ায় বিক্রয়কেন্দ্র খুলল বাংলাদেশি আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাতিল। গত মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে এ বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাতিল কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়া অঞ্চলের বাইরে আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাতিলই প্রথম অস্ট্রেলিয়ায় নিজস্ব বিক্রয়কেন্দ্র চালু করেছে। এর মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশি আসবাবের সরাসরি প্রবেশ ঘটল। অস্ট্রেলিয়ায় বসবাসরত তিনজন বাংলাদেশির সঙ্গে যৌথভাবে বিক্রয়কেন্দ্র স্থাপনের কাজটি সম্পন্ন হয়েছে। হাতিল পিটিই লিমিটেড নামে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটি নিবন্ধিত হয়েছে। হাতিলের পক্ষ থেকে জানানো হয়, শিগগির অস্ট্রেলিয়ার আরও কয়েকটি বড় শহরে এ ধরনের বিক্রয়কেন্দ্র চালু করা হবে। এক হাজার ১০০ বর্গকিলোমিটারের এ বিক্রয়কেন্দ্রে পণ্য প্রদর্শনীর পাশাপাশি গুদামজাতেরও ব্যবস্থা রয়েছে। হাতিলের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ আলম প্রথম আলোকে জানান, ২৮ জুলাই বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে। প্রথম দফায় ২৫ হাজার মার্কিন ডলারের আসবাব সে দেশে বিক্রির জন্য পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় আরও ১২ হাজার মার্কিন ডলারের পণ্য শিগগির পাঠানো হবে। হাতিলের পক্ষ থেকে আরও জানানো হয়, অস্ট্রেলিয়ার পর চলতি বছরের মধ্যে কানাডায় বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হবে। এরপর ফ্রান্স ও যুক্তরাজ্যেও বিক্রয়কেন্দ্র স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।