অস্তিত্বহীন কোম্পানি নিয়ে বিপাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোক সরকারি একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চাকরিতে থাকাকালীন ১৯৯৩ সালে প্রথম শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন। এ জন্য নিজের ভবিষ্য তহবিল থেকে চার লাখ টাকা ঋণ নেন। তবে ১৯৯৬ সালে বাজারধসে বিনিয়োগের অর্ধেকটাই জলে যায়। এরপর ২০০৬ সালে আবার শেয়ার ব্যবসা শুরু করেন ৷ আর ২০০৯ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশন পাওয়া টাকাও খাটান। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার বিনিয়োগ দাঁড়ায়।
নির্বিচারে বিনিয়োগ করায় কোম্পানির ভালো-মন্দ যাচাই করতে পারেননি তিনি। তাই ২০০৯ সালে ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজার চালু হলে বিনিয়োগ করা ১৫টি কোম্পানি চলে যায় এই বাজারে।
কোনো কোম্পানি যদি নিয়মিত এজিএম না করে কিংবা লভ্যাংশ না দেয় কিংবা সময়মতো আর্থিক প্রতিবেদন দাখিল না করে, তাহলে একপর্যায়ে তাদের ওটিসিতে পাঠিয়ে দেওয়া হয়। একইভাবে কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে গেলে কিংবা শেয়ার ডিমেট করা না হলেও কোম্পানিকে ওটিসিতে পাঠানো যায়। আর ওটিসিতে কোনো শেয়ার নিয়মিত লেনদেন করা যায় না। কেউ শেয়ার বিক্রি করতে চাইলে লিখিতভাবে বিক্রয়াদেশ দিতে হয়। এরপর যদি কোনো আগ্রহী ক্রেতা থাকেন, তাহলেই লেনদেন হয়। বাস্তবে এ রকমভাবে কেনাবেচা খুব কমই হয় ওটিসিতে। তবে কোনো কোম্পানি যদি আবার নিয়মিত উৎপাদন ও এজিএম শুরু করে, তাহলে তাদের মূল বাজারে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
ওটিসিতে চলে যাওয়ায় ২০০৯ সাল থেকে এসব শেয়ার বিক্রি করতে পারেননি ওই ব্যাংক কর্মকর্তা। কাগুজে শেয়ারগুলো শুধু আলমারিতে সংরক্ষণ করে রেখেছেন। কিছু শেয়ার হারিয়েও গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে কোনো ফল পাননি। কোম্পানির ঠিকানায় গিয়েও কাউকে খুঁজে পাননি। এখন তাই কাগজগুলোর দিকেই তাকিয়ে আছেন। লাভের কোনো প্রত্যাশা নেই। শেয়ারের অভিহিত মূল্য বা গায়ের দাম পেলেই খুশি তিনি।
কেবল অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তাই নন, ওটিসি বাজারে থাকা কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের প্রায় সবারই অবস্থা এমন। অনেকেই বলতে গেলে পথে বসেছেন। গত সম্প্রতি অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তার সঙ্গে আলাপকালে অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা কোম্পানিতে টাকা খাটিয়েছি। আর কোম্পানি অনুমোদন দিয়েছে বিএসইসি। কোম্পানি অনিয়ম করলে তা ধরার কথা তাদেরই। আমরা কেন দুর্ভোগ পোহাব? কোম্পানির মালিকদের ধরলে তো সব বেরিয়ে আসে।’
অস্তিত্বহীন কোম্পানি: ২০০৯ সালের ১ অক্টোবর থেকে ডিএসই ও সিএসইতে এই বাজার চালু করা হয়। বর্তমানে এই বাজারে কোম্পানির সংখ্যা ৬৬। সম্প্রতি ওটিসি বাজারে থাকা ছয়টি কোম্পানির ঠিকানায় পরিদর্শনে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধিদল। পরিদর্শনে এসব কোম্পানির কোনো অস্তিত্ব পায়নি তারা।
কোম্পানিগুলো হলো: চিক টেক্সটাইল লিমিটেড, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন লিমিটেড, রাসপিট ইনকরপোরেশন বিডি লিমিটেড, ফার্মাকো ইন্টারন্যাশনাল লিমিটেড, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড ও সালেহ কার্পেট মিলস লিমিটেড।
ডিএসইর ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ডিএসইতে থাকা ঠিকানা অনুযায়ী এই ছয়টি কোম্পানির ঠিকানায় গিয়ে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাই এ বিষয়ে বিএসইসিকে অবহিত করা হয়েছে।
এরপর ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঠিকানা অনুযায়ী গত সপ্তাহে প্রথম আলোর পক্ষ থেকে চারটি কোম্পানির অফিসে গেলে সেখানেও তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি ডিএসইর ওয়েবসাইটে দেওয়া কোম্পানিগুলোর টেলিফোন নম্বরে ফোন করে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
সরেজমিনে: ডিএসইর ওয়েবসাইটে কোম্পানি প্রোফাইলে ফার্মাকোর ঠিকানা দেওয়া আছে ৫০/১ পুরানা পল্টন লাইন, ঢাকা। সেখানে গিয়ে ফার্মাকোর অফিসের কোনো অস্তিত্ব মেলেনি। সেখানে কর্মরত নিরাপত্তাকর্মী মো. নূর ইসলাম জানান, এই ভবনে কোনো অফিস নেই। বাড়ির মালিকই এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বাড়ির বিপরীত পাশের ২৮ বিজয়নগর মসজিদ মার্কেটের বিজয়নগর ফার্মেিসর মালিক সারোয়ারুল আলম জানান, তিনি ১০ বছরের বেশি সময় ধরে এখানে দোকান করছেন। ওই বাড়িতে ফার্মাকো নামের কোনো কোম্পানিকে দেখেননি। এমনকি ওই কোম্পানির নামও শুনেননি তিনি।
ওটিসি বাজারের আরেক কোম্পানি এম হোসেন গার্মেন্টসের কোম্পানি প্রোফাইলে ঠিকানা দেওয়া আছে বাসা নম্বর-২ (তৃতীয় তলা), রোড-২৭, ব্লক-কে, বনানী, ঢাকা। ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মিনহাজ গ্রুপ নামের একটি কোম্পানির অফিস। কোম্পানির এক কর্মকর্তা জানান, তাঁরা ২০০৭ সাল থেকে এখানে অফিস নিয়েছেন। এর আগে এম হোসেন গার্মেন্টস নামে কোনো কোম্পানি ছিল কি না, তা জানেন না।
একইভাবে ওটিসি বাজারের রাসপিট ডাটা ও রাসপিট ইনকরপোরেশনের প্রোফাইলের ঠিকানা অনুযায়ী রাজধানীর িগ্রন রোডে এ কে কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। এ কে কমপ্লেক্সের চতুর্থ তলায় এ দুটি কোম্পানির ঠিকানা দেওয়া আছে।
ভবনের তত্ত্বাবধায়ক লাল মিয়া জানান, তিনি প্রায় ১০ বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন। কিন্তু এই নামে কোনো কোম্পানি দেখেননি। তিনি বলেন, ‘আগে ভবনের চারতলায় ওই নামে দুটি কোম্পানি ছিল শুনেছি, কিন্তু আমি এসে দেখিনি।’ বিভিন্ন সময় অনেকে এ দুটি কোম্পানির খোঁজখবর নিতে আসেন বলেও জানান তিনি।
বিএসইসি ও ডিএসইর ভাষ্য: এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে শেয়ারধারীদের কাছে জবাবদিহি করতে হয়। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থার কাছেও সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহি করতে হয়। তাই কোনো কোম্পানির মালিক বা উদ্যোক্তারা শেয়ারধারীদের অনুমোদন ব্যতীত কারখানার যন্ত্রপাতি অথবা জমি বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিএসইসি। আবার নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর সাবেক এক সভাপতি বলেন, কোম্পানির ইস্যু ব্যবস্থাপকদেরও ধরতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্তিতে কারা ইস্যু ব্যবস্থাপনায় ছিল, তাদের ব্যর্থ হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে। তাহলে অন্যরাও এ বিষয়ে শিক্ষা নেবে।
তবে অস্তিত্বহীন কোম্পানিগুলোর বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি অবলুপ্ত বা অবসায়নের ব্যাপারে বিএসইসির ক্ষমতা নেই। এ ক্ষেত্রে শেয়ারধারীদের আদালতে আবেদন জানাতে হবে। পরে আদালত এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এর আগে কেন এসব কোম্পানির উদ্যোক্তা বা ইস্যু ব্যবস্থাপকদের ধরা হয়নি? জানতে চাইলে সাইফুর রহমান বলেন, এটা বেশ আগের কথা। ওই সময় কৌশল কী ছিল, তা জানা নেই। তবে এখন কোনো কোম্পানি নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএসইসির পাশাপাশি ডিএসই ও সিএসইর পক্ষ থেকেও নিয়মিত তদারকি করা হচ্ছে।
কোম্পানি আইনে যা বলা হয়েছে: কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৩৪ ধারায় কোম্পানি অবলুপ্তির পদ্ধতি বলা হয়েছে। ওই ধারা অনুযায়ী একটি কোম্পানি তিনটি পদ্ধতিতে অবলুপ্ত হতে পারে। প্রথমত, আদালতের নির্দেশে। দ্বিতীয়ত, স্বেচ্ছাকৃতভাবে। কোম্পানি লাভজনক না হলে বা ভবিষ্যতে আর লাভজনক হবে না এমন সম্ভাবনা থাকলে পরিচালক এবং শেয়ারধারীদের ঐকমত্যের ভিত্তিতে স্বেচ্ছায় কোম্পানির বিলুপ্তি ঘোষণা করা যায়। তৃতীয়ত, আদালতের তত্ত্বাবধান সাপেক্ষে।
কোম্পানি পরিশোধিত মূলধন সর্বশেষ এজিএম
(কোটি টাকায়)
চিক টেক্সটাইল ১২.৫৪ ২০০২
এম হোসেন গার্মেন্টস ৬.০০ ২০০১
রাসপিট ইনকরপোরেশন ১৫.৭৭ ২০০২
রাসপিট ডাটা ৫.০০ ২০০২
সালেহ কার্পেট ৬.১১ তথ্য নেই
ফার্মাকো ইন্টারন্যাশনাল ২.০০ তথ্য নেই
ডিএসইর ওয়েবসাইটে ফার্মাকোর যে ঠিকানা দেওয়া আছে সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব মেলেনি
রাসপিট ডাটা ও রাসপিট ইনকরপোরেশনের রাজধানীর িগ্রন রোডের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার
বনানীতে এম হোসেন গার্মেন্টসের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে অন্য একটি কোম্পানির অফিস