ঈদ ও পূজার মৌসুম এবং ছুটির দিনগুলোতে নেটওয়ার্কের সমস্যা দূর করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে কিছু অস্থায়ী বেস স্টেশন স্থাপন করবে রবি ফোন। এ ছাড়া কক্সবাজারে নেটওয়ার্কের মান উন্নত করতে আরও ৫০টি নিয়মিত বেস স্টেশনও স্থাপন করা হবে।গত বৃহস্পতিবার কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রবি ফোনের কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া রিলেশনসের প্রধান মহিউদ্দিন বাবর এসব কথা জানান।মহিউদ্দিন বাবর জানান, ঈদ, পূজা ও অন্য ছুটির দিনগুলোতে কক্সবাজারে পর্যটকদের বাড়তি চাপ থাকে। এতে অনেক সময় ফোন, খুদে বার্তাসহ (এসএমএস) সার্বিক নেটওয়ার্কের সমস্যা হয়। গ্রাহক-স্বার্থে রবি সেসব সমস্যা দূর করার উদ্যোগ নিয়েছে।মহিউদ্দিন বাবর আরও জানান, চট্টগ্রাম অঞ্চল, বিশেষ করে কক্সবাজারের ব্যাপারে রবি অনেক বেশি যত্নবান। তাই ভিড়ের সময়গুলোতে গ্রাহকদের যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যাপারেও সজাগ রবি।তিনি জানান, কক্সবাজারে বর্তমানে রবি ফোনের ১৯৭টি বেস স্টেশন রয়েছে। নতুন করে স্থাপন করা হবে আরও ৫০টি।সংবাদ সম্মেলনে রবি ফোনের কমপ্লায়েন্স বিভাগের প্রধান রেজাউল করিম, কক্সবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক শামিমুল হাসান চৌধুরী, মিডিয়া ও পিআর বিভাগের সিনিয়র নির্বাহী মালিহা এস মারিয়াম, মোবাশ্বের আনোয়ার আজমী প্রমুখ উপস্থিত ছিলেন।কক্সবাজারের অন্তর্গত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে রবিই প্রথম মোবাইল অপারেটর—এ কথা উল্লেখ করে জানানো হয়, নতুন নাম ধারণের পর গ্রাহকসেবায় মনোযোগ বাড়িয়েছে রবি। শুধু তা-ই নয়, গ্রাহকসেবার ধরনও পাল্টে ফেলা হয়েছে। সবক্ষেত্রেই রবি এখন জনমুখী। এতে আরও জানানো হয়, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ৭৫ শতাংশ গ্রাহক রবি ফোন ব্যবহার করে। সেপ্টেম্বর পর্যন্ত শুধু কক্সবাজারেই রবির গ্রাহক চার লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। নেটওয়ার্ক উন্নত করতে কক্সবাজারের জন্য গত কয়েক মাসে ৮০ কোটি টাকা খরচ করা হয়ে গেছে। চলতি বছরের মধ্যে আরও ২৫ কোটি টাকা খরচ করা হবে। কক্সবাজারের ৮৯ শতাংশ এলাকায় রবির নেটওয়ার্ক রয়েছে।রবির কর্মকর্তারা জানান, রবির ৮৫ শতাংশ এসএমএস পৌঁছায় পাঁচ সেকেন্ডের মধ্যে। আর এক মিনিটের মধ্যে পৌঁছায় ৯৩ শতাংশ এসএমএস। দেশের ৮২ শতাংশ এলাকায় রবির নেটওয়ার্ক রয়েছে। সারা দেশে রবির বর্তমান গ্রাহক এক কোটি ১৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।