ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর জাপানে পারমাণবিক সংকট এবং আরব বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।এরই মধ্যে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত খনিজ তেল) দাম ২.৫ শতাংশ বা ২.৭৩ ডলার বেড়ে ১১১.২৫ ডলারে পৌঁছেছে। অপর দিকে প্রতি ব্যারেল মার্কিন লাইট সুইট ক্রুডের দাম দুই ডলার বেড়ে ৯৯.৩৮ ডলারে দাঁড়ায়।বাহরাইন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের তেল উত্পাদনকারী কয়েকটি দেশে নতুন করে বিক্ষোভ শুরু হওয়া তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।জাপানে টোকিও থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত ফুকুশিমা ডাইচি বিদ্যুেকন্দ্রে প্রকৌশলীরা ‘মেল্টডাউন’ রোধে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। এ মুহূর্তে দেশটির ক্ষতিগ্রস্ত পারমাণবিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে গ্যাস ও জ্বালানি তেলের চাহিদা আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।জেবিসি এনার্জি রিসার্চ সেন্টারের বরাত দিয়ে বিবিসি জানায়, জাপানে পুনর্গঠন কাজে প্রতিদিন অতিরিক্ত প্রায় পাঁচ লাখ ব্যারেল তেল খরচ হবে।নাইজেরিয়ায় একজন সেনা মুখপাত্র জানিয়েছেন, প্রধান তেল উত্পাদন এলাকায় একটি বিস্ফোরণ ঘটেছে। অপর দিকে বাহরাইনে সৌদি আরবের সেনারা বিক্ষোভকারীদের সরাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র দাহরানের পার্শ্ববর্তী এই এলাকাটি সৌদি আরবের তেলশিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বাহরাইনে সামরিক আইন জারি করা হয়েছে এবং দেশের শেয়ারবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।